নতুন সরকারকে ফিকির অভিনন্দন
সমৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতার প্রতিশ্রুতি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৬
নতুন সরকারকে ফিকির অভিনন্দন
বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। চেম্বার আশা প্রকাশ করেছে যে জনগণের সমর্থনে গঠিত এই নতুন সরকার জাতীয় অগ্রগতির জন্য যেসব লক্ষ্য নিয়েছে তা যথাসময়ে কার্যকর পদক্ষেপে রূপ নেবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে।
চেম্বার বিশ্বাস করে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বিদেশি বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্ব দেবে, যা প্রয়োজনীয় কাঠামোগত ও নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবে। বিদেশি বিনিয়োগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ফিকি সরকারকে সহায়তা করতে সর্বদা প্রস্তুত। বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, মানসম্মত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ, অর্থনৈতিক সংস্কার এগিয়ে নেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে সরকারে সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী ফিকি।
সাজেক ভ্যালির প্রেরণায় মাউন্টেন ফরেস্ট ডিজাইনের অপো এ৬এস প্রো
চেম্বারের সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশকে সামনে এগিয়ে নিতে আমরা সরকারের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। তিনি বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন, ব্যবসা পরিচালনার সহজ করা, ব্যবসায়িক ব্যয় হ্রাস, নীতিগত স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন, বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।













