শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

| ২৬ চৈত্র ১৪৩২

ন্যাশনাল ডেমো ডে ২০২৬

স্টার্টআপ ব্যবসার সমস্যা সমাধানে কাজ করছে সরকার

প্রকাশ: ১৩:১৯, ৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:১৭, ৮ এপ্রিল ২০২৬

স্টার্টআপ ব্যবসার সমস্যা সমাধানে কাজ করছে সরকার

স্টার্টআপ ব্যবসা কার্যকরি করতে ও এর সমস্যা সমাধানে কাজ করছে সরকার: উপদেষ্টা রেহান আসিফ আসাদ

ন্যাশনাল ডেমো ডে ২০২৬

প্রযুক্তির সহায়তায় উদ্যোক্তারা এখন তাদের পণ্য বা সেবা বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছে দিতে সক্ষম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ৭ এপ্রিল, আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মিলনায়তনে  তিনদিনের‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি  আরও বলেন, স্টার্টআপ ইকোসিস্টেম এবং পলিসি তৈরির কাজ করছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে  ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (ডিইআইইডি) প্রকল্পের স্টার্টআপ অ্যান্ড স্কেলআপ কার্যক্রম চলছে। এর মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, মেন্টরিং, নেটওয়ার্কিং, রেসিডেন্সিয়াল বুটক্যাম্প এবং বিনিয়োগকারীদের সামনে ব্যবসা উপস্থাপনের সুযোগ দেয়া হচ্ছে। এ কার্যক্রমে দেশের ৬টি বিভাগ থেকে ১ হাজার ৯১ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যাদের থেকে নির্বাচিত উদ্যোক্তাদের নিয়ে ৯ এপ্রিল পর্যন্ত এই ন্যাশনাল ডেমো ডে আয়োজন করা হয়েছে।

তিনদিনের আয়োজনে আইটি ও আইটিইএস, রিটেইল ও ই-কমার্স, এসডিজি ইমপ্যাক্ট, শিক্ষা ও শিল্প-সংস্কৃতি, ফ্যাশন ও টেক্সটাইল, খাদ্য ও কৃষি এবং স্বাস্থ্যসেবা এই ৭টি সেক্টরের উদ্যোক্তারা দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম এবং আর্থিক প্রতিষ্ঠানের সামনে তাদের পণ্য ও ব্যবসায়িক ধারণা উপস্থাপনের সুযোগ পাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০ জন উদ্যোক্তা এই আয়োজনে অংশগ্রহণ করছেন।

ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, দেশে আইডিয়ার অভাব নেই, অভাবটা আসলে মাইন্ডসেটের। স্টার্টআপ কালচারটা এখনও ঠিকভাবে গড়ে উঠছে না। কিন্তু যেদিন আমরা ছোট শুরু করে বড় ভাবতে শিখবো, সেদিনই আমাদের উদ্যোগগুলো স্কেল করে দেশকেই বদলে দেবে।

 কম আলোতে মোবাইল ফটোগ্রাফি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব কাজী আনোয়ার হোসেন বলেন,দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আজ একটি গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছে। সঠিক নীতি সহায়তা, বিনিয়োগ প্রবাহ এবং উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে আমরা এই খাতকে টেকসই ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে পারি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বিশ্বব্যাংকের বেসরকারি খাতের সিনিয়র বিশেষজ্ঞ হোসনে ফেরদৌস সুমি, ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘স্টার্টআপ পলিসি, বিনিয়োগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষজ্ঞরা বাংলাদেশের স্টার্টআপ খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন।

 চরম দুর্যোগেও লক্ষ্যভেদে সক্ষম Smart Bomb 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন