নতুন গেম নেক্স প্লেগ্রাউন্ড
শিশুদের ব্যায়ামে উৎসাহিত করতে বাজারে নতুন গেম
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:১২, ২১ জুন ২০২৬ | আপডেট: ১৫:৫৮, ২১ জুন ২০২৬
শিশুদের ব্যায়ামে উৎসাহিত করতে বাজারে নতুন গেম
গেমের মাধ্যমে শিশুরা করতে পারবে ব্যায়াম
ব্যায়ামের মাধ্যমে শিশুদের শারীরিকভাবে সক্রিয় করতে তৈরি করা হয়েছে ভিডিও গেম নেক্স প্লেগ্রাউন্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নেক্স গেমটির জন্য তৈরি করেছে কিউব আকৃতির ডিভাইস। এটি আগামী ২২ জুন থেকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বাজারে পাওয়া যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় শনাক্ত হবে শরীরের নড়াচড়া
প্রচলিত গেমিং কনসোলগুলোর মতো অত্যাধুনিক গ্রাফিক্স নেই এই গেমে। নেই কোনো গেম কন্ট্রোলার। এর পরিবর্তে বিল্ট-ইন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খেলোয়াড়ের শরীরের নড়াচড়া শনাক্ত করা হয়। ফলে শিশুদের দৌড়ানো, লাফানো কিংবা হাত-পা নেড়ে খেলতে হয়।
নেক্স প্লেগ্রাউন্ডের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা খেলোয়াড়ের শরীরের ১৮টি গুরুত্বপূর্ণ পয়েন্ট শনাক্ত করে। এরপর স্ক্রিনে সেই নড়াচড়ার সঙ্গে মিল রেখে একটি ভার্চুয়াল অবতার তৈরি হয়। ব্যবহারকারীরা হাত নেড়ে ফ্রুট নিনজার ফল কাটতে পারবেন, ছন্দের সঙ্গে নাচতে পারবেন কিংবা বিভিন্ন মিনি-গেম খেলতে পারবেন।
ফিটনেস গেম ও সাবস্ক্রিপশন সুবিধা
এ ছাড়া সাবস্ক্রিপশনভিত্তিক গেম লাইব্রেরিতে রয়েছে জুম্বা ও অন্যান্য ফিটনেসভিত্তিক কার্যক্রম। গেমিং গবেষণা প্রতিষ্ঠান সারকানার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ব্ল্যাক ফ্রাইডে বিক্রিতে নেক্স প্লেগ্রাউন্ড যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বাধিক বিক্রিত গেম কনসোল ছিল। এমনকি এটি মাইক্রোসফটের এক্সবক্স সিরিজ এস ও এক্স-এর বিক্রিকেও ছাড়িয়ে যায়।
যুক্তরাজ্যে নেক্স প্লেগ্রাউন্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬৯ পাউন্ড (প্রায় ৪৪ হাজার টাকা)। ডিভাইসের সঙ্গে পাঁচটি গেম বিনামূল্যে পাওয়া গেলেও ৬০টির বেশি গেম খেলতে আলাদা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। বার্ষিক সাবস্ক্রিপশনের মূল্য ৯০ পাউন্ড, আর তিন মাসের সাবস্ক্রিপশনের জন্য গুনতে হবে ৪৫ পাউন্ড। গেম তালিকায় রয়েছে শিশুদের জনপ্রিয় চরিত্র পেপা পিগসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের গেম।
অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট - এআই, ডিজিটাল মার্কেটিং ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ
গোপনীয়তা ও শিশুদের তথ্য সুরক্ষা
ঘরের ভেতর ক্যামেরা ব্যবহারের গোপনীয়তা নিয়ে প্রশ্নে নেক্সের প্রধান নির্বাহী ডেভিড লি জানিয়েছেন, ক্যামেরার ভিডিও কোথাও সংরক্ষণ করা হয় না। তাঁর ভাষায়, সব তথ্য ডিভাইসেই তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াজাত হয়, ক্লাউডে পাঠানো হয় না।
ডিভাইসটিতে শিশুদের তথ্য সুরক্ষায় “কিডস সেফ প্লাস কপা” সার্টিফিকেশনও রয়েছে। পাশাপাশি ক্যামেরার জন্য দেওয়া হয়েছে বিশেষ লেন্স কভার, যাতে প্রয়োজন হলে সেটি সম্পূর্ণ বন্ধ রাখা যায়।
পরিবারকে একসঙ্গে সময় কাটাতে উৎসাহ
যুক্তরাষ্ট্রের কয়েকজন অভিভাবক জানিয়েছেন, তাঁদের সন্তানরা সাধারণত একটানা ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত এই কনসোলে খেলে এবং খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার সুযোগ পায়।
নেক্স জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের এই কনসোলের ১০ লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, গেমিংয়ের পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাতে উৎসাহিত করার নতুন মাধ্যম হিসেবেই নেক্স প্লেগ্রাউন্ডের সবচেয়ে বড় সাফল্য আসতে পারে।
ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা
সূত্র: বিবিসি













