নির্মাণ ব্যয় ১০০ কোটি ডলার
বাজারে আসছে ভিডিও গেম জিটিএ ৬
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:২৯, ২২ জুন ২০২৬ | আপডেট: ১৪:৩৭, ২২ জুন ২০২৬
বাজারে আসছে ভিডিও গেম জিটিএ ৬
বাজারে আসতে যাচ্ছে গ্র্যান্ড থেফট অটো বা জিটিএ ভিডিও গেমের নতুন সংস্করণ জিটিএ সিক্স। চলতি বছরের ১৯ নভেম্বর মুক্তি পাবে গেমটি। আর ২৫ জুন থেকে গেমটির প্রি অর্ডার নেয়া শুরু হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।
এদিকে বিশ্লেষকদের ধারণা, বিশ্বের সবচেয়ে আলোচিত গেম লঞ্চ হতে যাচ্ছে জিটিএ সিক্স। এমনকি এটি হতে পারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গেম। এর নির্মাণ ব্যয় ১০০ কোটি ডলার (প্রায় ১ বিলিয়ন ডলার) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানান তারা।
এর আগে দুইবার পরিবর্তন হয়েছে গেমটির মুক্তির সময়। গেল বছর ২০২৫ সালের শেষে এবং চলতি বছরের মে মাসে মুক্তির কথা থাকলেও তার আর হয়ে উঠে নেই। রকস্টার গেমস জানায়, গেমারদের প্রত্যাশা পূরণে গেমটিকে আরও উন্নত ও নিখুঁত করতে প্রয়োজন হয়েছে অতিরিক্ত সময়।
শুরুতে জিটিএ ৬ প্লেস্টেশন এবং এক্সবক্স সিরিজ এক্স এবং সিরিজ এস- এ পাওয়া যাবে । তবে পিসি ভার্সন ও নিনটেন্ডো সুইচ টু-এ পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
গেমটির দাম এখনো ঘোষণা করা হয় নেই। তবে বিশ্লেষকরা ধারণা করছেন, জিটিএ ৬ -এর দাম ১০০ ডলার হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২৬২ টাকা ।
গেমটির অনলাইন মোড নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ব্যাপক জনপ্রিয়তার কারণে নতুন সংস্করণে অনলাইন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। এই প্রথম থ্রিডি জিটিএ সিরিজে প্রধান নারী চরিত্র হিসেবে দেখা যাবে লুসিয়াকে এবং তার সঙ্গে আরেক গুরুত্বপূর্ণ চরিত্র জেসন। এই দুই চরিত্রকে ঘিরে গেমটির। অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ার পর একটি ভুল পরিকল্পনার কারণে শুরু হবে তাদের বিপজ্জনক অভিযান।
গেমটির পটভূমি তৈরি করা হয়েছে ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক মার্কিন অঙ্গরাজ্য লিওনিডা শহরে। পাশপাশি আবারো ফিরছে মিয়ামির অনুপ্রেরণায় জনপ্রিয় শহর ভাইস সিটি। জিটিএ এর কভার আর্টেও দেখা গেছে ফ্লোরিডার পরিচিত প্রতীক অ্যালিগেটর ও ফ্লেমিঙ্গোর উপস্থিতি।
২০১৩ সালে মুক্তি পেয়েছিল জিটিএ সিরিজের সর্বশেষ গেম গ্র্যান্ড থেফট অটো ফাইভ। এটি ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেমগুলোর একটি। আর ২০২২ সালে রকস্টার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জিটিএ সিক্স তৈরির বিষয়টি।
জিটিএ বিশ্বের সবচেয়ে সফল গেম ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। এখন পর্যন্ত প্রায় ২৩ কোটি কপি বিক্রি হয়েছে গেমটির। গেমটির ট্রেলার ইতোমধ্যে ইউটিউবে প্রায় ৪৪ কোটি ৭০ লাখের বেশি দেখা হয়েছে ইউটিউবে।
সূত্র: বিবিসি













