চাপ বাড়ছে ভোক্তাদের
এআই বিস্তারে দাম বাড়ছে প্রযুক্তি পণ্যের
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২৩:০০, ২৮ জুন ২০২৬
এআই বিস্তারে দাম বাড়ছে প্রযুক্তি পণ্যের
বিশ্ববাজারে বাড়ছে প্রযুক্তি পণ্যের দাম। মাইক্রোসফট থেকে শুরু করে অ্যাপল প্রায় সব প্রযুক্তি প্রতিষ্ঠানই ইতোমধ্যে তাদের পণ্যের দাম বৃদ্ধি করেছে। আবার আগামীতে দাম আরো বদ্ধির ঘোষণাও দিয়েছে কিছু প্রতিষ্ঠান। এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তার কারণে চিপ ও স্টোরেজের চাহিদা বাড়ায় এর প্রভাব পড়ছে প্রযুক্তি পণ্যের বাজারে বলে জানান ব্যবসায়ীরা। আর বিশ্লেষকরা বলছেন, দাম বৃদ্ধির এই বাড়তি চাপ ভোক্তাদের বহন করতে হবে।
কিছুদিন আগে অ্যাপল তাদের কিছু ল্যাপটপ ও ট্যাবলেটের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এর মধ্যে ১ টেরাবাইট স্টোরেজ ম্যাকবুক প্রোর দাম যুক্তরাষ্ট্রে ১ হাজার ৬৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ৯৯৯ ডলার হয়েছে। যুক্তরাজ্যে অ্যাপলের তুলনামূলক সাশ্রয়ী ল্যাপটপের দামও ৫৯৯ পাউন্ড থেকে বেড়ে ৬৯৯ পাউন্ড হয়েছে।
অন্যদিকে মাইক্রোসফট জানিয়েছে, আগস্ট থেকে এক্সবক্স সিরিজ এক্স এবং এক্সবক্স সিরিজ এস -এর দাম আরো বাড়বে। বেসিক সংস্করণের দাম ১০০ ডলার বেড়ে ৪৯৯ ডলার এবং বেশি স্টোরেজযুক্ত সংস্করণের দাম ১৫০ ডলার বেড়ে ৭৪৯ ডলার হবে। এদিকে গত এক বছরে এক্সবক্সের মূল্যবৃদ্ধি পেয়েছে একাধিকবার। গেল বছরের তুলনায় চলতি বছর নতুন কনসোলের দাম প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিনটেন্ডো জানিয়েছে, তাদের নতুন গেমিং কনসোল ‘নিনটেন্ডো সুইচ ২’-এর দামও সেপ্টেম্বর থেকে বাড়ানো হবে। একইভাবে ভাল্ভ কর্পোরেশন তাদের স্টিম ডেক-এর দামও বাড়িয়েছে।
প্রযুক্তি বিশ্লেষক পাওলো পেসকাতোরে বলেন, এআই প্রযুক্তি চালাতে বিশাল ডেটা সেন্টার প্রয়োজন। এসব ডেটা সেন্টারে ব্যবহার করা হচ্ছে বিপুল পরিমাণ শক্তিশালী চিপ, র্যাম ও স্টোরেজ। এ কারণে বাজারে এসব যন্ত্রাংশের চাহিদা বেড়ে গেলেও বাড়ছে না সরবরাহ। এতে দাম বাড়ছে প্রয়োজনীয় এসব সেমিকন্ডাক্টরগুলোর। এআই খাতে বড় প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগ প্রভাব ফেলছে বাজারেও। আর শেষ পর্যন্ত এর বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে ভোক্তাদের।
এদিকে, বিশ্বের অন্যতম বড় চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) জানায়, মূল্যস্ফীতির কারণে উৎপাদন খরচ বাড়ছে। প্রয়োজন হলে আগামীতে চিপের দাম আরো বাড়ানো হবে।
এদিকে সমালোচকদের অভিযোগ, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই খাতে বিপুল বিনিয়োগের ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। তবে এআই চাহিদার সুবিধা ভোগ করছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। মার্কিন শীর্ষস্থানিয় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজি জানায়, এআই চাহিদার কারণে উল্লেখযোগ্য হারে বেড়েছে তাদের আয়।
তবে শুধু এআই নয়, মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটও প্রযুক্তিপণ্যের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে জানান অনেক প্রযুক্তি ব্যবসায়ী। সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট তাদের প্লেস্টেশন-এর দাম বাড়ানোর কারণ হিসেবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটকে দায়ি করে।
এদিকে চিপের সংকট দ্রুত কমার সম্ভাবনা দেখছেন না বাজার বিশ্লেষকরা। আগামী কয়েক বছর প্রযুক্তি পণ্যের এই দাম অব্যাহত থাকার আশঙ্কাও রয়েছে। এতে গেমার ও প্রযুক্তি প্রেমীদের নতুন ডিভাইস কিনতে বাড়তি অর্থ গুনতে হবে বলেও জানান তারা।
সূত্র: বিবিসি













