সাইবার নিরাপত্তায় নতুন সুযোগ
সাইবার নিরপত্তায় তরুণদের যুক্ত করতে ফিনিক্স সামিট
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৮:০১, ৯ জুন ২০২৬ | আপডেট: ১৮:০২, ৯ জুন ২০২৬
সাইবার নিরপত্তায় তরুণদের যুক্ত করতে ফিনিক্স সামিট
সাইবার খাতে তরুণদের সংযোগ
দেশের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সাইবার নিরাপত্তার সঙ্গে যুক্ত করার মাধ্যমে দেশকে সাইবার নিরাপত্তা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬। আগামী ২৩ জুন শুরু হতে যাওয়া সামিটে অংশগ্রহণ করবেন বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। টেকস্ক্রল ডটকমকে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান ফিনিক্স গ্রুপের পরিচালক দিহান ইসলাম আলিফ।
তরুণদের জন্য নতুন সম্ভাবনা
তিনি জানান, দেশের শিক্ষার্থী ও তরুণদের জন্য এই সামিট নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সামিটে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও গবেষকরা অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে সম্পৃক্ত করে শিক্ষার্থীদের কমিউনিটি কার্যক্রম, ফেলোশিপ ও প্রশিক্ষণ প্রদান করা হবে। এটি দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
আন্তর্জাতিক বাজারে সংযোগের সুযোগ
তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থী নয়, দেশের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান, স্টার্টআপ ও এ খাত সংশ্লিষ্টদের আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে সামিটে। সামিটের প্রধান লক্ষ্য বাংলাদেশের সঙ্গে বিশ্বের শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা সংস্থা, কমিউনিটি এবং নেটওয়ার্কগুলোর সংযোগ স্থাপন করা। এর ফলে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের সাইবার নিরাপত্তা খাতের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
সাধারণ মানুষের সচেতনতা বাড়বে
আলিফ টেকস্ক্রল ডটকমকে জানান, সামিটের মাধ্যমে সাধারণ মানুষ বর্তমান সাইবার হুমকি, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন গোপনীয়তা সম্পর্কে সচেতনতা অর্জন করতে পারবেন। এর মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সাইবার সক্ষমতা উন্নয়নেও এ দেশ নেতৃত্ব দেবে বলে আশা করেন তিনি।
২৩ জুনের এই সামিট অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে। সামিটে থাকছে বিভিন্ন প্রদর্শনী। পাঁচ দিনের সামিট শেষ হবে আগামী ২৭ জুন।













