ইউটিউবের নীতিমালায় পরিবর্তন
আত্মহত্যা, গর্ভপাত, নিপীড়নের মতো ভিডিওতেও মিলবে পুরো টাকা
টেক স্ক্রল
প্রকাশ: ০৯:১৮, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫৪, ২৫ জানুয়ারি ২০২৬
ইউটিউবে বিতর্কিত বিষয়েও মিলবে পুরো টাকা
ইউটিউবের নীতিমালায় পরিবর্তন
বিজ্ঞাপনের ক্ষেত্রে নীতিমালা বদলাচ্ছে ইউটিউব। বিতর্কিত বিষয়ের ভিডিওতেও বিজ্ঞাপনের পুরো টাকাই দেবে তারা। তবে থাকতে পারবে না বীভৎসতা কিংবা নকল নাটকীয়তা। বিতর্কিত বিষয়ের মধ্যে রয়েছে নিজের ক্ষতি, গর্ভপাত, আত্মহত্যা কিংবা পারিবারিক নিপীড়নও। তবে, শিশু নিপীড়ন বা খাদ্যাভ্যাসজনিত রোগ বিষয়ক ভিডিওতে এ সুবিধা মিলবে না। এক্ষেত্রে আগের নীতিই বহাল থাকবে। চলতি সপ্তাহের শুরুর দিকে নিজেদের ক্রিয়েটর ইনসাইডার চ্যানেলে এসব ঘোষণা দেয় ইউটিউব।
ক্রিয়েটর ইনসাইডার চ্যানেলে এক ভিডিওতে ইউটিউব বলেছে, কোনো কনটেন্টে কতোটা বীভৎস বর্ণনা রয়েছে তা বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে বড় বিষয় হিসেবে দেখা হত না। নাট্যরূপ দেয়া ভিডিওর ক্ষেত্রেও এমনটি হত। ফলে এমন ভিডিওতে ইয়েলো ডলার সাইন দেখা যেত। সাম্প্রতিক আপডেটের মাধ্যমে বিভিন্ন নিয়ম আরও শিথিল করা হচ্ছে। যাতে নির্মাতারা বিজ্ঞাপন থেকে আরও বেশি আয় করতে পারেন। কনটেন্ট নির্মাতাদের মতামত নিয়েই এ পরিবর্তন আনছে ইউটিউব।
আলিবাবার কারণে বড় চ্যালেঞ্জে ওপেনএআই
ইউটিউব আরও বলেছে যে, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার পর তারা কিছু বিষয়ে বেশি কঠোর নীতিমালার ব্যাপারটি বুঝতে পারে। এতে করে নাটকীয় কনটেন্টের মতো ভিডিও থেকেও আয় একেবারে কমে গিয়েছিল। এ ধরনের ভিডিওতে এমন বিষয় থাকতে পারে, যা বিজ্ঞাপনদাতাদের কাছে বিতর্কিত মনে হয়, তবে শেষ পর্যন্ত বিজ্ঞাপন দিতে আগ্রহী থাকে তারা।
কনটেন্ট নিয়ন্ত্রণের নিয়ম ধীরে ধীরে শিথিল করছে ইউটিউব। ২০২৫ সালে মডারেটরদের তারা নির্দেশ দিয়েছিলো যে, জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভিডিও প্লাটফর্মের নীতিমালা ভাঙলেও মুছে ফেলা যাবে না।
সূত্র: টেকক্রাঞ্চ













