চট্টগ্রাম সিটি কর্পোরেশন
বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিজিটাল পদ্ধতি চালু
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১২:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:১১, ১ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম সিটির বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়াকে আরও আধুনিক, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। সম্প্রতি চসিকের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় পদ্ধতিকে আধুনিক ও ডিজিটালাইজ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড এবং মাইলেজের সমঝোতা হয়েছিল।
চুক্তির আওতায় বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়াটি একটি অনলাইন প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে। নতুন এই পদ্ধতির ফলে করদাতারা সহজে এবং নিরাপদে তাদের ট্যাক্স পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রিয়েল টাইম অ্যানালাইসিস এবং রিপোর্টিংয়ের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কর আদায় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, প্রযুক্তি-চালিত প্রশাসন সময়ের দাবি। আমরা বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে চাই, যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সহজে ও দক্ষতার সঙ্গে তাদের ট্যাক্স দিতে পারে। এই উদ্যোগের ফলে শুধু রাজস্ব আদায়ই বাড়বে না, বরং দুর্নীতি ও হয়রানিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
একমাসে নগদের রেকর্ড ৪০ হাজার কোটি টাকা লেনদেন
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে তাদের সকল প্রশাসনিক কার্যক্রম পূর্ণ অটোমেশনের আওতায় নিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে কর আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিকরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব মো. আশরাফুল আমিন; প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল; রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি, বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম তানভীর সিদ্দিক, হেড অব প্রজেক্ট সাফায়েত আব্দুল্লাহ, মাইলেজের ম্যানেজিং ডিরেক্টর আবরার রাফিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি













