সড়ক শৃঙ্খলা
৫০ ভাগ গণপরিবহনে বসেছে জিপিএস, শতভাগ চালুতে প্রয়োজন এক বছর
ধ্রুব ইকরামুল
প্রকাশ: ১২:৫৯, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:২২, ৯ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ গণপরিবহনে জিপিএস চালুতে প্রয়োজন এক বছর
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানী ঢাকার প্রায় ৫০ শতাংশ গণপরিবহনে ইতোমধ্যে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সংযোগ স্থাপন সম্পন্ন হয়েছে। শতভাগ গণপরিবহনে জিপিএস সংযোগ স্থাপন করতে এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক কাজী জুবায়ের মাসুদ টেকস্ক্রলকে জানান, সারাদেশে গণপরিবহন হিসেবে ব্যবহৃত বাস ও মিনি বাসের সংখ্যা প্রায় ৯০ হাজার। এর মধ্যে রাজধানী ঢাকাতে চলাচল করছে প্রায় তিন হাজার ৫০০টি বাস। ইতোমধ্যে ঢাকায় চলাচলকারী ১ হাজার ৭০০টি গণপরিবহন জিপিএস প্রযুক্তির আওতায় আনা হয়েছে। যা প্রায় ৫০ শতাংশ। এছাড়াও দেশের বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় অর্ধেক আন্তঃজেলা গণপরিবহনগুলোতে জিপিএস সংযোগ স্থাপন সম্পন্ন হয়েছে। তবে জেলাভিত্তিক বা স্থানীয় সড়কে চলাচল করা অনেক গণপরিবহন এখনও এই সুবিধার বাইরে রয়েছে।
ঢাকাসহ সারা দেশের শতভাগ গণপরিবহনে জিপিএস সংযোগ স্থাপনের জন্য এক বছর সময় প্রয়োজন বলে ধারণা তার। বাসের ফিটনেস নবায়নের জন্য প্রতি বছরই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) শরণাপন্ন হতে হয়। আর এখন জিপিএস ছাড়া ফিটনেস ছাড়পত্র পাওয়া সম্ভব নয়। তাই আগামী এক বছরের মধ্যে রাজধানীসহ সব জেলার শতভাগ গণপরিবহনে জিপিএস সংযোগ স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান টেকস্ক্রলকে বলেন, গণপরিবহনগুলোর নিয়ম মেনে চলার নজরদারির পাশাপাশি পরিবহনটি সঠিক সময়ে স্টপেজে আসাসহ সব ধরণের যাত্রীসেবা উন্নয়নের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। তা না হলে প্রযুক্তিগত সুবিধার সুফল যাত্রীরা ভোগ করতে পারবেন না।
তিনি আরো বলেন, জিপিএস সংযোগ ছাড়া ফিটনেস ছাড়পত্র না দেয়ার সিদ্ধান্তে গণপরিবহন মালিকরা অনেক সময় উদাসীন মনোভাব দেখাতে পারেন। তারা প্রশাসনকে ফাঁকি দিতে ছাড়পত্র না নিয়েই গাড়ি সড়কে সচল রাখতে চাইবে। নিয়মের বিষয়ে কঠিন সিদ্ধান্তের ফল অতীতেও দেখা গেছে।
তাই গণপরিবহনগুলোকে নিয়মের মধ্যে আনার পাশাপাশি যাত্রী সেবার উন্নয়নে প্রয়োজন প্রতিষ্ঠানভিত্তিক গণপরিবহন পরিচালনা নিশ্চিত করা। এতে ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় বাসের আধিক্য কমার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত করা ও যন্ত্রটি সার্বক্ষণিক চালু রাখা বাধ্যতামূলক করা হয়।
এ বিষয়ে গেল ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। এরপর গেল ২৮ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানায়, গণপরিবহনের নতুন রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ এবং নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযুক্তির প্রমাণ জমা দিতে হবে। ওই নির্দেশনাটিও চালু হয় ১ আগস্ট থেকে।





