ব্যবসায় এআই ব্যবহারের নতুন উদ্যোগ
ব্যবসার জন্য নতুন এআই প্ল্যাটফর্ম চালু করল মেটা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসার জন্য নতুন এআই প্ল্যাটফর্ম চালু করল মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি ও ব্যবসা পরিচালনার ধরন বদলে দিতে নতুন ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ চালু করেছে মেটা। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি মেটার ব্যবসার পরবর্তী প্রধান স্তম্ভ হিসেবে কাজ করবে। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা ও ডেভেলপারদের কাছে মেটার এআই প্রযুক্তি ও বিভিন্ন সেবা পৌঁছে দেওয়া হবে।
মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেন, সুপারইন্টেলিজেন্স মানুষের পাশাপাশি ব্যবসার জন্যও নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। মেটা ইতোমধ্যে কোটি কোটি মানুষকে সেবা দিচ্ছে এবং কয়েক কোটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করছে। এখন এআইয়ের মাধ্যমে ব্যবসাগুলোকে নতুনভাবে প্রবৃদ্ধি অর্জন ও নিজেদের কার্যক্রমে পরিবর্তন আনার সুযোগ দিতে চায় প্রতিষ্ঠানটি।
নতুন মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মে মেটার উন্নত এআই মডেল, শীর্ষস্থানীয় এজেন্ট, বড় পরিসরের অবকাঠামো এবং বিভিন্ন ব্যবসার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা কাজে লাগানো হবে। প্রাথমিকভাবে ব্যবসা ও ডেভেলপারদের জন্য মেটার পূর্ণ প্রযুক্তি ব্যবস্থার বিভিন্ন অংশ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে মিউজ এজেন্ট, মেটা বিজনেস এজেন্ট, মিউজ এপিআই ও মিউজ কোড।
নতুন উদ্যোগটির নেতৃত্ব দিতে মেটায় যোগ দিচ্ছেন চিরন্তন ‘সিজে’ দেসাই। তিনি প্রধান এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সরাসরি মার্ক জাকারবার্গের কাছে রিপোর্ট করবেন।
মেটার তথ্য অনুযায়ী, সিজে দেসাই এন্টারপ্রাইজ প্রযুক্তি খাতে অভিজ্ঞ একজন নেতা। ফুল-স্ট্যাক সফটওয়্যার তৈরি এবং এআই, অবকাঠামো, বিজনেস অ্যাপ্লিকেশন ও সিকিউরিটি খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। মেটায় যোগ দেওয়ার আগে দেসাই মঙ্গোডিবির সিইও ও প্রেসিডেন্ট ছিলেন। এর আগে ক্লাউডফ্লেয়ারে প্রোডাক্ট ও ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া সার্ভিসনাওতে প্রায় আট বছর বিভিন্ন দায়িত্বে ছিলেন, যার মধ্যে প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার (সিওও) পদও রয়েছে।
দেসাই বলেন, আগামী বছরগুলোতে এআই সব ধরনের প্রতিষ্ঠানের উদ্ভাবন, প্রবৃদ্ধি, গ্রাহকসেবা এবং ব্যবসা পরিচালনার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনবে। তার মতে, মেটার বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে, কারণ প্রতিষ্ঠানটি উন্নত এআই মডেল ও এজেন্টের পাশাপাশি বিপুলসংখ্যক ব্যবসার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এক জায়গায় আনছে।
তিনি জানান, মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মের লক্ষ্য হলো মেটার এআই প্রযুক্তিকে এমন পণ্য ও সেবায় রূপ দেওয়া, যা প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবসায় সরাসরি ব্যবহার করতে পারবে।
মেটার দাবি, এন্টারপ্রাইজ পণ্যগুলো তৈরির শুরু থেকেই নিরাপত্তা ও গোপনীয়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসাগুলোকে প্রবৃদ্ধি ও কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করার জন্য মেটাকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।
অফিসিয়াল সূত্র: মেটা নিউজরুম













