বিআরটিএর নির্দেশনা
আজ থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:৩৩, ১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:২৩, ৯ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস
আজ ১ আগস্ট শনিবার থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত করা ও যন্ত্রটি সার্বক্ষণিক চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।
নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গেল ১১ জুন এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক। এরপর গেল ২৮ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানায়, গণপরিবহনের নতুন রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ এবং নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযুক্তির প্রমাণ জমা দিতে হবে। এ নির্দেশনা ১ আগস্ট থেকে চালুর কথা বলা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আজ থেকে প্রতিটি গণপরিবহনে জিপিএস যন্ত্র স্থাপন করার পাশাপাশি সেটি সার্বক্ষণিক চালু রাখতে হবে। শুধু যন্ত্র স্থাপন করলেই হবে না, এটি সচল রয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। এমনকি নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ প্রদান এবং নবায়নের সময় যানবাহনের মালিক বা তার প্রতিনিধিকে জিপিএস সংযুক্তির প্রমাণপত্র সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপে জিপিএস চালুর তথ্যও দেখাতে হবে।
জিপিএস যন্ত্রের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা তাদের ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। বিআরটিএ আরও জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে। এ নির্দেশনা বাস্তবায়নে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জিপিএস ব্যবস্থার মাধ্যমে বাসের অবস্থান, গতি ও চলাচলের রুট পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে। এতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদিত রুটের বাইরে চলাচল এবং অপ্রয়োজনীয়ভাবে গাড়ি থামানোর মতো বিষয়গুলো তদারক করা সহজ হবে। দুর্ঘটনার ক্ষেত্রেও জিপিএসের মাধ্যমে জানা যাবে কোনো বাস কখন ও কোথায় ছিল, গতি কেমন ছিল এবং চলাচলের সময় কোন রুট অনুসরণ করছিল।





