বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

| ৬ আশ্বিন ১৪৩৩

জেমিনি এআইয়ে আরও স্মার্ট গুগলবুক

জেমিনি এআই-নির্ভর ৮৯৯ ডলারের গুগলবুকের প্রি-অর্ডার শুরু

প্রকাশ: ১৫:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

জেমিনি এআই-নির্ভর ৮৯৯ ডলারের গুগলবুকের প্রি-অর্ডার শুরু

জেমিনি এআই-নির্ভর ৮৯৯ ডলারের গুগলবুকের প্রি-অর্ডার শুরু

অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সহজে কাজ করার সুবিধা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সমন্বয়ে নতুন প্রিমিয়াম ল্যাপটপ ‘গুগলবুক’ আনছে গুগল। জেমিনি এআইকে কেন্দ্র করে তৈরি এই ল্যাপটপের প্রি-অর্ডার শুরু হয়েছে। দাম শুরু হচ্ছে ৮৯৯ ডলার থেকে।

গুগলের তথ্যমতে, গুগলবুক তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েডের প্রযুক্তিগত কাঠামোর সঙ্গে ক্রোমওএসের ডেস্কটপভিত্তিক প্রযুক্তি মিলিয়ে। এর লক্ষ্য হলো অ্যান্ড্রয়েড ফোন ও ল্যাপটপের মধ্যে কাজের ধারাবাহিকতা আরও সহজ করা। প্রাথমিক পর্যায়ের গুগলবুক তৈরি করছে এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো।

গুগলবুকের বিভিন্ন মডেলে অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম অ্যালয় ও কার্বন ফাইবারের মতো উন্নত উপকরণ ব্যবহার করা হয়েছে। থাকছে সর্বোচ্চ ২.৮কে ওএলইডি ডিসপ্লে, হ্যাপটিক গ্লাস ট্র্যাকপ্যাড এবং ব্যাকলিট কিবোর্ড। প্রসেসর হিসেবে ইন্টেল ও কোয়ালকমের চিপ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৪৫ টিওপিএসের বেশি ক্ষমতাসম্পন্ন বিশেষ নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) থাকছে। ব্যাটারি একবার চার্জে সর্বোচ্চ ১৪ ঘণ্টা পর্যন্ত চলবে। ল্যাপটপের বাইরের অংশে ‘গ্লোবার’ নামের একটি আলোকসংকেতও থাকছে, যা চালু হওয়ার সময় এবং ব্যাটারির চার্জের মাত্রা দেখাবে।

অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে গুগলবুকের সমন্বয় এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ল্যাপটপে সাইন ইন করার সময় অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস, সংরক্ষিত পাসওয়ার্ড, ওয়াই-ফাই নেটওয়ার্ক ও বার্তা স্থানান্তর করা যাবে। এসব তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। ‘কন্টিনিউ অন’ সুবিধায় ফোনে শুরু করা কাজ ল্যাপটপে চালিয়ে নেওয়া যাবে। ‘ফাইলস’ সুবিধায় ফোনের ছবি ও ফাইল ল্যাপটপ থেকে দেখা, খোঁজা ও খোলা যাবে। আর ‘কাস্ট মাই অ্যাপস’ দিয়ে ফোনের অ্যাপ ল্যাপটপের ডেস্কটপ উইন্ডোতে ব্যবহার করা যাবে।

জেমিনি এআইয়ের জন্য থাকছে ‘ম্যাজিক পয়েন্টার’, ‘র‌্যাম্বলার’ ও ‘ক্রিয়েট মাই উইজেট’-এর মতো সুবিধা। ম্যাজিক পয়েন্টারের মাধ্যমে পর্দায় থাকা কোনো বিষয় নিয়ে জেমিনিকে নির্দেশ দেওয়া যাবে। র‌্যাম্বলার কথার মাধ্যমে দেওয়া নোট, কাজের তালিকা বা ভাবনাকে গুছিয়ে লেখায় রূপান্তর করবে। আর ক্রিয়েট মাই উইজেট সাধারণ ভাষায় নির্দেশনা দিয়ে প্রয়োজন অনুযায়ী কাস্টম উইজেট তৈরি করবে।

গুগলবুকে ডেস্কটপ সংস্করণের ক্রোম ব্রাউজারের পাশাপাশি গুগল প্লের অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধা থাকছে। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি লাইটরুম ও ক্যাপকাটের মতো সৃজনশীল সফটওয়্যারও চালানো যাবে। পাশাপাশি নেটফ্লিক্স ও এইচবিও ম্যাক্সের মতো স্ট্রিমিং সেবা অফলাইনে দেখার সুবিধা থাকবে। গেমের জন্য প্রতি ডিভাইসের সঙ্গে এক বছরের জিফোর্স নাও সুবিধাও দেওয়া হবে।

নিরাপত্তার দিক থেকেও গুগলবুকে ক্রোমওএসের নিরাপত্তা কাঠামো ব্যবহার করা হয়েছে। এতে গুগল টাইটান হার্ডওয়্যার রুট অব ট্রাস্ট, একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা এবং ডিভাইসেই ম্যালওয়্যার শনাক্ত করার সুবিধা রয়েছে। গুগলবুকের সঙ্গে ১২ মাসের গুগল এআই প্রো, ৫ টেরাবাইট ক্লাউড স্টোরেজ ও জেমিনি অ্যাডভান্সড সুবিধা দেওয়া হবে। পাশাপাশি তিন মাসের ইউটিউব প্রিমিয়াম ও অ্যাডোবি ফটোশপ সুবিধাও থাকছে। গুগলবুক ওএসে নিয়মিত নতুন সুবিধা এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হালনাগাদ দেওয়ার কথা জানিয়েছে গুগল।

গুগলবুকের প্রি-অর্ডার এখন গুগল স্টোর, বেস্ট বাই এবং নির্বাচিত অন্যান্য বিক্রয়কেন্দ্রে করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ৪ অক্টোবর এবং কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়ায় ৫ অক্টোবর থেকে ল্যাপটপটি বাজারে পাওয়া যাবে।

তথ্যসূত্র : গুগল অফিসিয়াল

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন