শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

| ১৫ আশ্বিন ১৪৩৩

বিলম্বের পর অবশেষে চালু

জেমিনি ৪-এর ফ্ল্যাগশিপ এআই মডেল ‘আর্গন’ উন্মোচন করল গুগল

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:০৫, ১ অক্টোবর ২০২৬

জেমিনি ৪-এর ফ্ল্যাগশিপ এআই মডেল ‘আর্গন’ উন্মোচন করল গুগল

জেমিনি ৪-এর ফ্ল্যাগশিপ এআই মডেল ‘আর্গন’ উন্মোচন করল গুগল

প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার নতুন প্রচেষ্টায় জেমিনি ৪ সিরিজের নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল ‘আর্গন’ উন্মোচন করেছে গুগল। কয়েক মাসের বিলম্বের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) মডেলটি ঘোষণা করে অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

গুগলের এক মুখপাত্র জানান, ‘আর্গন’ আকারের দিক থেকে প্রতিষ্ঠানটির আগের উন্নত ‘প্রো’ সিরিজের মডেলগুলোর চেয়ে বড়। জটিল কাজের জন্য এটিই গুগলের এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম মডেল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

গুগলের ভাষ্য অনুযায়ী, কোডিং ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বেঞ্চমার্কে আর্গনের সক্ষমতা ওপেনএআইয়ের ‘অ্যাস্ট্রা’ এবং অ্যানথ্রপিকের ‘অপাস’-এর মতো শীর্ষস্থানীয় মডেলের সঙ্গে তুলনা করা যায়। তবে প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, সব বেঞ্চমার্কে আর্গন এগিয়ে নেই। চারটি কোডিং-সম্পর্কিত বেঞ্চমার্কের মধ্যে দুটিতে এটি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে ছিল।

গুগল জানিয়েছে, প্রতিষ্ঠানটির নিজস্ব প্রকাশিত বেঞ্চমার্কের ফল অনুযায়ী কয়েকটি শিল্পভিত্তিক পরীক্ষায় আর্গন অ্যাস্ট্রা ও অপাসের চেয়ে ভালো ফল করেছে। তবে এসব ফল গুগলের নিজস্ব প্রতিবেদনে দেওয়া পারফরম্যান্সের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।

প্রাথমিকভাবে আর্গন সীমিত পরিসরে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। গুগল নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের কাছে মডেলটি সরবরাহ করছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য আর্গন কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানায়নি গুগল।

এদিকে, গুগল এখন আর ‘জেমিনি ৩.৫ প্রো’ প্রকাশের পরিকল্পনা করছে না। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এর আগে জানিয়েছিলেন, মডেলটি জুনে প্রকাশ করা হবে। শেষ পর্যন্ত সেটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এই সময়ের মধ্যে গুগলের ডিপমাইন্ড এআই ল্যাবে বড় ধরনের নেতৃত্ব পরিবর্তনও হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও ডেমিস হাসাবিস তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি জেমিনি মডেলের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুগল ছেড়েছেন।

মাসের পর মাস এআই মডেল প্রকাশে বিলম্বের মধ্যে অ্যানথ্রপিক ও ওপেনএআই তাদের শীর্ষ মডেলগুলোর নতুন সংস্করণ প্রকাশ অব্যাহত রেখেছে। ফলে এআই গবেষণার নতুন সীমা নির্ধারণের প্রতিযোগিতায় গুগল পিছিয়ে পড়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

তবে গুগল এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এমন ধারণার বিরোধিতা করেছিলেন সুন্দর পিচাই। জুলাইয়ে তিনি এ ধরনের দাবির জবাব দেন। এরপর সাম্প্রতিক মাসগুলোতে গুগলের প্রচারের ধরনেও পরিবর্তন দেখা গেছে। জেমিনির অত্যাধুনিক সক্ষমতার ওপর জোর দেওয়ার বদলে প্রতিদ্বন্দ্বী মডেলের তুলনায় এর খরচ কম এ বিষয়টি বেশি তুলে ধরছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স 
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন