আইএফআরের তথ্য
গত বছর বিশ্বে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২৬
গত বছর বিশ্বে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
শিল্প খাতে ব্যবহারের জন্য গত বছর বিশ্বজুড়ে বিক্রি হয়েছে প্রায় ৭ হাজার হিউম্যানয়েড রোবট। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক রোবোটিকস ফেডারেশন (আইএফআর)।
বিক্রির এই সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও আগামী কয়েক বছরে হিউম্যানয়েড রোবটের ব্যবহার ও বাজার দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসও দিয়েছে আইএফআর। বিশেষ করে বিশ্বের সবচেয়ে বড় রোবটের বাজার চীনে হিউম্যানয়েড রোবট নিয়ে আগ্রহ বাড়ছে। গত মাসে দেশটিতে গেমসে দৌড়ানো ও বক্সিং করার সক্ষমতাসম্পন্ন হিউম্যানয়েড রোবট প্রদর্শন করা হয়।
আইএফআরের সংজ্ঞা অনুযায়ী, কোনো রোবটকে হিউম্যানয়েড হিসেবে বিবেচনা করতে হলে তার গঠন মানুষের মতো হতে হবে এবং মানুষের জন্য তৈরি পরিবেশে তাকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হতে হবে। তবে এ ধরনের রোবটের পা থাকতেই হবে, এমন কোনো শর্ত নেই।
জার্মানের ফ্রাঙ্কফুর্টভিত্তিক আইএফআরের মহাসচিব সুজান বিয়েলার জানান, বিশ্বে মোট রোবটের তুলনায় হিউম্যানয়েড রোবট এখনো খুবই সামান্য।
তাঁর তথ্য অনুযায়ী, শিল্প খাতে ব্যবহারের জন্য ২০২৪ সালে বিশ্বজুড়ে প্রায় ৫ লাখ ৪২ হাজার রোবট স্থাপন করা হয়েছিল। একই বছর পরিবহন, আতিথেয়তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহারের জন্য আনুমানিক ১ লাখ ৯৯ হাজার রোবট বিক্রি হয়।
বিয়েলার আরো জানান, ২০২৫ সালে বিক্রি হওয়া অনেক হিউম্যানয়েড রোবট সরাসরি উৎপাদন কাজে ব্যবহৃত হয়নি। গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্নত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহে এসব রোবট কিনেছে।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো হিউম্যানয়েড রোবটের প্রাথমিক ব্যবহারকারীদের মধ্যে রয়েছে। বিয়েলার বলেন, এসব প্রতিষ্ঠান নিজেদের কারখানায় পরীক্ষামূলকভাবে অল্পসংখ্যক রোবট ব্যবহার করছে। কোনো কোনো কারখানায় রোবটের সংখ্যা এক অঙ্কে থাকলেও কোথাও কোথাও তা দুই অঙ্কে পৌঁছেছে।
প্রায় তিন দশক ধরে রোবোটিকস খাতের পরিসংখ্যান সংগ্রহ করছে আইএফআর। এবারই প্রথম শিল্প ও সেবা খাতে ব্যবহৃত রোবটের পাশাপাশি হিউম্যানয়েড রোবটের তথ্য আলাদাভাবে সংগ্রহ শুরু করেছে সংস্থাটি।
ব্যাংক অব আমেরিকা গ্লোবাল রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে প্রায় ৯০ হাজার হিউম্যানয়েড রোবট সরবরাহ হতে পারে। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে ১২ লাখে পৌঁছাতে পারে।
আইএফআরের হিসাব সরবরাহকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের শিল্প সমিতির তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এতে ভোক্তা ও সামরিক কাজে ব্যবহৃত হিউম্যানয়েড রোবট অন্তর্ভুক্ত করা হয়নি। চিকিৎসায় ব্যবহৃত রোবটও আলাদা করা হয়েছে।






