বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

| ২৮ আশ্বিন ১৪৩৩

থাকছে এআই ক্যামেরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:৪০, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:২০, ৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়নগঞ্জের মেঘনা ঘাটে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে। ‘অটো ফাইন সিস্টেম’-এর আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টোপথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। এরপর শনাক্ত হওয়া গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। নির্ধারিত মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানার টাকা পরিশোধের সুযোগ থাকবে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। মহাসড়কসংলগ্ন ৩৩টি হাট-বাজার, পর্যাপ্ত সার্ভিস লেনের অভাব এবং মহাসড়কের সঙ্গে যুক্ত ৬৬২টি ফিডার রোড রয়েছে। এছাড়া মহাসড়কসংলগ্ন ১২৩টি গার্মেন্টস ও শিল্পকারখানা, ১০৩টি পেট্রোলপাম্প ও সিএনজি স্টেশন, ৯২টি বাসস্টপেজ, ২৭টি বাসস্ট্যান্ড, ১০৬টি স্কুল-কলেজ-মাদ্রাসা এবং ৩৮টি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে।

পথচারী পারাপারের জন্য পর্যাপ্ত ফুটওভার ব্রিজ, ওভারপাস ও আন্ডারপাসেরও ঘাটতি রয়েছে। মহাসড়কে ৬৪টি ফুটওভার ব্রিজ থাকলেও সাধারণ মানুষের এসব ব্যবহারে অনীহা রয়েছে। পাশাপাশি থ্রি-হুইলার চলাচলও মহাসড়কের অন্যতম চ্যালেঞ্জ।

হাইওয়ে পুলিশ বলছে, অটো ফাইন সিস্টেম চালু হলে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে পুলিশ ও জনগণের সম্পর্ক উন্নত হবে এবং পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। একই সঙ্গে দুর্নীতি নিয়ে মানুষের উদ্বেগও কমবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা যাবে। এতে জরিমানার টাকা দ্রুত পরিশোধের পাশাপাশি সরকারি কোষাগারে অর্থ জমা নিশ্চিত করা সম্ভব হবে।

হাইওয়ে পুলিশের আশা, এ ব্যবস্থার ফলে মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়বে, মারাত্মক দুর্ঘটনা কমবে এবং মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, এমপি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ।

 

আরও পড়ুন