আগামী পাঁচ বছরে প্রযুক্তি খাতের লক্ষ্য
কমছে মোবাইল ফোন, সিম ও ল্যাপটপের দাম
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:৩৭, ১১ জুন ২০২৬
কমছে মোবাইল ফোন, সিম ও ল্যাপটপের দাম
মোবাইল সিম ও নেটওয়ার্ক সেবায় কর প্রত্যাহার
২০২৬-২৭ অর্থবছরে কমতে যাচ্ছে মোবাইল ফোন, সিম, ল্যাপটপ ও কম্পিউটারের দাম। বৃহস্পতিবার দুপুরে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী খসরু মাহমুদ চৌধুরী। এতে মোবাইল ফোন ও ল্যাপটপ উৎপাদনে ব্যবহৃত ২২টি কাঁচামালের উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়। একই সঙ্গে মোবাইল সিম কার্ডের করও প্রত্যাহার করার কথা বলা হয়।
বাজেট প্রস্তাবনায় প্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। এতে বলা হয়, প্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে টেলিযোগাযোগ সেবাকে আরও সহজলভ্য করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায়, নতুন অর্থবছরে স্থানীয়ভাবে মোবাইল ফোন ও ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ৫ শতাংশ ও ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়। আবার কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর হার কমিয়ে ২ শতাংশ করার কথা বলা হয়।
মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে শর্তসাপেক্ষে মূসক অব্যাহতি সুবিধা ২০৩০ সাল পর্যন্ত দেওয়ার কথা বলা হয়। আবার কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টারের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি ২০৩০ সাল পর্যন্ত দেওয়া হয়।
কানাডায় অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা
মোবাইল সেবা আরও সহজলভ্য করতে মোবাইল সিম কার্ডের ওপর বিদ্যমান ৩০০ টাকার ট্যাক্স বা কর বাতিলের প্রস্তাব দেওয়া হয়। এতে সিম কার্ডের দামও কমবে। মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। এছাড়াও বিটিআরসির মাধ্যমে রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি বা চার্জের ওপর ২০ শতাংশ উৎসে কর প্রত্যাহার করা হয়।
প্রস্তাবনায় আরও বলা হয়, বর্তমানে প্রযুক্তি ও টেলিযোগাযোগ ব্যাপক সম্ভাবনাময় খাত। অথচ দেশের জিডিপিতে এ খাতের অবদান ১ থেকে ২ শতাংশ। আগামী ৫ বছরে এটি ১০ শতাংশ করার লক্ষ্য নেওয়া হয়েছে।













