অনলাইনে বাড়ছে স্বর্ণ বিক্রি, সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও
সুলাতানা দিশা
প্রকাশ: ১৫:৩৯, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:২০, ২৪ নভেম্বর ২০২৬
অনলাইনে বাড়ছে স্বর্ণ বিক্রি, সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তাঝুঁকিও
দেশে ই-কমার্সের প্রসারের সঙ্গে বাড়ছে অনলাইনে স্বর্ণ ও স্বর্ণালংকার কেনাবেচার প্রবণতা। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মকে কেন্দ্র করে স্বর্ণের ব্যবসা সম্প্রসারণ করছেন অনেক জুয়েলারি ব্যবসায়ী। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর জুয়েলারি ব্যবসায়ীদের কাছ থেকে স্বর্ণালংকার কিনতে পারছেন ক্রেতারা। তবে অনলাইনে উচ্চমূল্যের এই পণ্য বিক্রি বাড়লেও নিরাপত্তা, পণ্যের বিশুদ্ধতা যাচাই এবং পণ্য সরবরাহ নিয়ে বাড়ছে আশঙ্কা।
প্রায় ছয় বছর ধরে অনলাইনে স্বর্ণ বিক্রি করছে স্বর্ণলতা জুয়েলার্স। প্রতিষ্ঠানটির অনলাইন বিভাগের সুপারভাইজার বিন্দিয়া আক্তার টেকস্ক্রলকে জানান, অনলাইনে ব্যবসা শুরুর পর মাসে সর্বোচ্চ ৫০টি স্বর্ণালংকার বিক্রি হতো। বর্তমানে মাসে বিক্রি হচ্ছে ১৫০ থেকে সর্বোচ্চ ২০০টি পণ্য। তবে বর্তমানে স্বর্ণের দাম কমায় আগামীতে বিক্রি আরও বাড়বে বলেও জানান তিনি।
বিন্দিয়া আরও জানান, ঢাকায় নিজেদের ডেলিভারি কর্মীদের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া হয়। তবে পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকার বাইরের ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা হয়। পণ্য হারিয়ে গেলে চুক্তি অনুযায়ী পরিবহন প্রতিষ্ঠানটি তাঁদের ক্ষতিপূরণ দিয়ে থাকে বলেও জানান তিনি।
এদিকে স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, অনলাইনে স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদে পণ্য সরবরাহ করা। ঢাকার মধ্যে নিজস্ব ডেলিভারি কর্মীর মাধ্যমে পণ্য পৌঁছে দিতে গিয়ে কখনো ভুয়া অর্ডার, আবার কখনো ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা ঘটছে। অন্যদিকে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানোর ক্ষেত্রেও রয়েছে ঝুঁকি।
রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত একটি জুয়েলারি প্রতিষ্ঠানের এক বিক্রেতা জানান, ১০ বছর আগে স্বর্ণালংকার বিক্রির ব্যবসা শুরু করেন তিনি। তবে ব্যবসাটি অনলাইনে শুরু করেন চার মাস আগে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মাধ্যমে ভিডিও তৈরি এবং বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করছেন তাঁরা।
প্রতিষ্ঠানটি ঢাকার মধ্যে নিজস্ব কর্মীদের মাধ্যমে এবং ঢাকার বাইরে একটি পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে স্বর্ণালংকার সরবরাহ করছে। প্রতিটি পণ্যের সঙ্গে হলমার্ক ও বৈধ ক্যাশ মেমো দেওয়া হয়। স্বর্ণের মান নিয়ে কোনো অভিযোগ থাকলে প্রতিষ্ঠানটি দায়ভার নেবে বলেও জানান তিনি।
তবে অনলাইনে পণ্য সরবরাহ করতে গিয়ে জটিলতার মুখে পড়ার কথাও জানান ওই বিক্রেতা। অনেক সময় পণ্য সরবরাহ করতে নির্দিষ্ট স্থানে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়তে হয়। আবার অনেক সময় পণ্য সরবরাহের সময় ক্রেতাদের পাওয়া যায় না। নিরাপত্তার অভাব ও ভুয়া অর্ডারের কারণে এখনো প্রতিষ্ঠানটির অনলাইনে স্বর্ণ বিক্রি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলেও জানান তিনি।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ টেকস্ক্রলকে জানান, দেশের বড় ও পরিচিত জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ শোরুম ঢাকা কেন্দ্রিক। ফলে ঢাকার বাইরের জেলা ও উপজেলা পর্যায়ের ক্রেতারা পরিচিত ব্র্যান্ড থেকে স্বর্ণ কেনার সুযোগ কম পান। তবে অনলাইনে বিক্রির মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর করা সম্ভব।
এ ছাড়া বিদেশে থাকা প্রবাসীরাও অনলাইনে স্বর্ণ কিনে দেশে পরিবারের সদস্যদের কাছে উপহার হিসেবে পাঠাতে পারছেন। এতে অনলাইনের মাধ্যমে নতুন ক্রেতা তৈরি হওয়ার পাশাপাশি স্বর্ণ ব্যবসার বাজারও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে স্বর্ণালংকার অনলাইনে বিক্রির জন্য ক্যাশ অন ডেলিভারির আগে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম কিছু অর্থ নেওয়া হলে কমবে ভুয়া অর্ডার। এ ক্ষেত্রে পণ্যের মূল্য বিবেচনায় অগ্রিম অর্থ নির্ধারণ করা প্রয়োজন।
পণ্য সরবরাহের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কুরিয়ার অফিস থেকে পণ্য সংগ্রহের ব্যবস্থা চালুর পরামর্শও দেন তিনি। পাশাপাশি জনবহুল ও সিসিটিভি ক্যামেরার আওতাধীন এলাকায় পণ্য হস্তান্তর করা এবং সন্দেহজনক ঠিকানা সম্পর্কে সতর্ক থাকার কথা বলেন রাজিব আহমেদ।
ড্রাইভ-ওয়ালেটের তথ্য ব্যবহার করে উত্তর দেবে গুগলের এআই
তাঁর মতে, স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে ছিনতাইয়ের তথ্য আদান-প্রদানের জন্য একটি সমন্বিত ব্যবস্থা থাকা প্রয়োজন। কোন এলাকায় এ ধরনের অপরাধ বেশি ঘটছে, সে তথ্য ব্যবসায়ীরা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করলে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা সহজ হবে।
স্বর্ণের বিশুদ্ধতা, ওজন ও হলমার্ক যাচাইয়ের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। অনলাইনে স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের আস্থা বাড়াতে আরও সুনির্দিষ্ট নীতিমালা ও গাইডলাইন থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি।













