প্রতিযোগিতার চাপে ছোট আইএসপি
ব্যয়ের ভারে বন্ধ হচ্ছে অনেক ক্ষুদ্র ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান
গাজী তানজীর আহমেদ
প্রকাশ: ১৫:০৯, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪০, ১৪ নভেম্বর ২০২৬
ব্যয়ের ভারে বন্ধ হচ্ছে অনেক ক্ষুদ্র ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান
আয়ের ওপর ১৫ শতাংশ কর দেওয়ার পাশাপাশি লাইসেন্স নবায়নের ওপরও ১৫ শতাংশ ভ্যাট দিতে হচ্ছে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে। আবার বড় প্রতিষ্ঠানগুলোর তুলনায় ব্যান্ডউইথ বেশি দামে কিনতে হয় বলে ব্যবসায় টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি ক্ষুদ্র ও মাঝারি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর। পরিচালন ব্যয়ের চাপে গত এক বছরে ৩০টি লাইসেন্সধারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বলে জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।
গত ১০ বছর আগে নওগাঁ সদরে ইন্টারনেট ব্যবসা শুরু করেছিলেন আশরাফ কবীর চৌধুরী। নিয়ম অনুযায়ী সি-ক্যাটাগরির প্রতিষ্ঠান থানা পর্যায়ে, বি-ক্যাটাগরির প্রতিষ্ঠান জেলা পর্যায়ে এবং নেশনওয়াইড লাইসেন্সধারীরা সারা দেশে ইন্টারনেট সেবা প্রদান করতে পারে। তবে নেশনওয়াইড আইএসপিগুলোও সরাসরি গ্রাহককে সংযোগ প্রদান করায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পিছিয়ে পড়তে হয়।
লাইসেন্স নবায়নের শর্তগুলো অনেক জটিল হওয়ায় নিয়মিত নবায়নেও ভোগান্তিতে পড়তে হয় তাকে। একই সঙ্গে ভ্যাট ও ট্যাক্সের বাড়তি চাপে একসময় ব্যবসাটি বন্ধ করে দিতে হয়। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় বিষয়গুলো বিবেচনায় নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ নিশ্চিতের আহ্বান জানান তিনি।
আশরাফ কবীর চৌধুরীর মতো অনেক ক্ষুদ্র উদ্যোক্তা বলেন, ছোট আইএসপিগুলোকে ব্যান্ডউইথ কিনতে হয় জেলা পর্যায়ের আইএসপিগুলোর কাছ থেকে। এতে বড় প্রতিষ্ঠানগুলোর তুলনায় বেড়ে যায় ইন্টারনেটের দাম। এসব কারণে অনেক সময় সরকারের নির্ধারিত দামে ইন্টারনেট সেবা প্রদান সম্ভব না হওয়ায় জটিলতায় পড়তে হয় তাদের। আবার বিদ্যুৎসহ বিভিন্ন পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসা ধরে রাখতে হিমশিম খেতে হয় ক্ষুদ্র আইএসপি ব্যবসায়ীদের।
বড় আইএসপিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়ছে বলে মনে করেন সাবেক আইএসপিএবি সভাপতি ও অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ইমদাদুল হক। তিনি টেকস্ক্রলকে জানান, বড় প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক ও ব্যান্ডউইথ সক্ষমতা বেশি। গ্রাহকসংখ্যাও বেশি হওয়ায় তারা একসঙ্গে বেশি ব্যান্ডউইথ কিনতে পারে। এতে তুলনামূলক কম দামে সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে বড় প্রতিষ্ঠানগুলো। তবে ক্ষুদ্র আইএসপিগুলোর পক্ষে একই দামে সেবা দেওয়া কঠিন।
ইমদাদুল হক আরও বলেন, বড় আইএসপিগুলো বিভিন্ন এলাকায় পরিবেশক ও রিসেলার নিয়োগ করে নিজেদের ব্র্যান্ডের প্যাকেজ বিক্রি করছে। তাদের মূল্য সংযোজিত সেবার পরিধিও বেশি। এতে স্থানীয় আইএসপিগুলো আরও বেশি প্রতিযোগিতার মুখে পড়ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় রিসেলার নিয়োগ ব্যবস্থা বন্ধ হওয়া প্রয়োজন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম টেকস্ক্রলকে জানান, দেশে লাইসেন্সধারী আইএসপির সংখ্যা প্রায় ২ হাজার ৫০০টি। পরিচালনার বাড়তি ব্যয়ে গত এক বছরে প্রায় ২০ থেকে ৩০টি লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
তার মতে, ইন্টারনেট সেবার ব্যয় বেশি হওয়ার অন্যতম কারণ আন্তর্জাতিক ব্যান্ডউইথের মূল্য। দেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথের প্রায় ৩০ শতাংশ বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) থেকে এবং বাকি ৭০ শতাংশ ভারত থেকে সংগ্রহ করা হয়। বিএসসিপিএলসির মূল্য নির্ধারণ ও মুনাফার বিষয়টি পর্যালোচনা করে ব্যান্ডউইথের দাম কমানো প্রয়োজন।
আবার অবকাঠামো ব্যবহারের ব্যয়ও আইএসপিগুলোর জন্য বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের (এনটিটিএন) মাধ্যমে সংযোগ নিতে বেশি ব্যয় হয়। এ কারণে কিছু আইএসপি ঝুলন্ত তার ব্যবহার করে। এতে তার কাটা পড়লে গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকির পাশাপাশি ব্যবসায়ীদেরও বাড়তি ব্যয় গুনতে হয়।
তিনি আরও বলেন, দেশে ১২ থেকে সর্বোচ্চ ১৫ হাজার অননুমোদিত প্রতিষ্ঠান ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে। ব্যয় কমানোর পাশাপাশি নবায়ন প্রক্রিয়া সহজ হলে বাড়বে বৈধ আইএসপি প্রতিষ্ঠানের সংখ্যা।
তিনি মনে করেন, একই ভবনে একাধিক আইএসপির আলাদা তার ব্যবহারের পরিবর্তে অবকাঠামো ভাগাভাগি করে ব্যবহারের সুযোগ বাড়ানো গেলে খরচ কমবে। এতে প্রতিষ্ঠানগুলোর ওপর আর্থিক চাপও কমবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর টেকস্ক্রলকে জানান, নতুন প্রস্তাবিত টেলিযোগাযোগ নীতিমালায় আইএসপি লাইসেন্সের কাঠামোতে পরিবর্তন এসেছে। আগে নেশনওয়াইড, বিভাগীয় ও জেলা পর্যায়ে তিন ধরনের লাইসেন্স থাকলেও বর্তমানে তা নেশনওয়াইড ও ছোট পর্যায়ের দুই শ্রেণিতে আনা হয়েছে।
বিভাগীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোকে নেশনওয়াইড লাইসেন্স নেওয়ার সুযোগ দিতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে নেশনওয়াইড লাইসেন্সের ফি ১৫ লাখ টাকা হওয়ায় অনেক ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের পক্ষে তা নেওয়া কঠিন।
তাঁর মতে, ছোট আইএসপিগুলোর এখন দুটি পথ রয়েছে। ১৫ লাখ টাকা দিয়ে লাইসেন্স উন্নীত করে নেশনওয়াইড পর্যায়ে যাওয়া অথবা বড় আইএসপির ডিলার, এজেন্ট, পার্টনার কিংবা ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করা। দ্বিতীয় ব্যবস্থায় বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ভিত্তিতে স্থানীয় পর্যায়ে ইন্টারনেট সেবা দিয়ে আয় করা সম্ভব। তবে এতে ছোট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ব্র্যান্ডের পরিচয় হারানোর আশঙ্কাও রয়েছে।
দেশে বর্তমানে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় দেড় কোটি। আগামী ২০২৭ সালের শেষ নাগাদ এ সংখ্যা তিন কোটির বেশি হতে পারে বলে জানায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)।













