সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

| ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

লক্ষ্য পরিবর্তন

এআইয়ের সাহায্যে বাড়ছে হানিট্র্যাপের ঝুঁকি

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:৪৩, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৭, ২২ নভেম্বর ২০২৬

এআইয়ের সাহায্যে বাড়ছে হানিট্র্যাপের ঝুঁকি

এআই খাতে হানিট্র্যাপের ঝুঁকি বাড়ছে, লক্ষ্য হতে পারেন যে কেউ

প্রযুক্তি প্রতিষ্ঠানের গোপন তথ্য পেতে প্রেম, বন্ধুত্ব কিংবা ব্যবসায়িক সম্পর্কের আড়ালে ফাঁদ পাতছে গুপ্তচররা। এআইয়ের সাহায্যে ভুয়া পরিচয় তৈরি ও মানুষের বিশ্বাস অর্জন এখন আগের চেয়ে সহজ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষ্ঠানের সিইও থেকে শুরু করে সাধারণ কর্মী সংবেদনশীল তথ্যের নাগালে রয়েছে এমন যে কেউ হানিট্র্যাপের শিকার হতে পারেন।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে কথিত হানিট্র্যাপ বিতর্কের পর এআই শিল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য হাতিয়ে নিতে কর্মীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে সন্দেহভাজন ব্যক্তিরা। এ ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাই নন, পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী সহকারীরাও ঝুঁকিতে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সফটওয়্যার প্রতিষ্ঠান লুমব্রার প্রতিষ্ঠাতা অ্যারন ব্রাউন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সাধারণত গুপ্তচরবৃত্তি বা পাল্টা গোয়েন্দা তৎপরতা মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয় না। 

আগে এ ধরনের ঝুঁকি মূলত রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের ক্ষেত্রে বেশি দেখা যেত। এখন পরিস্থিতি বদলেছে। চিপ, এআই মডেল ও প্রযুক্তি অবকাঠামো তৈরির প্রতিষ্ঠানগুলোতেও জমা হচ্ছে গুরুত্বপূর্ণ গোপন তথ্য।

ব্রাউনের মতে, একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, রপ্তানি-সংক্রান্ত সিদ্ধান্ত, গ্রাহকের তালিকা এবং কোন প্রতিষ্ঠানকে প্রযুক্তি সরবরাহ করা হবে এসব তথ্য সিইওর নাগালেই থাকে। তাই গুপ্তচরদের কাছে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারেন।

সম্প্রতি জেনসেন হুয়াংকে ঘিরে এমন অভিযোগ সামনে এসেছে। সিঙ্গাপুরের একটি নিওক্লাউড প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর কথিত সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অ্যালিসের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার বিপুল পরিমাণ চিপ চোরাই পথে চীনে পাঠানোর অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হয়নি।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইরের ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে প্রতিষ্ঠানের গোপন তথ্য সংগ্রহের চেষ্টা সম্পর্কে ওপেনএআই কর্মীদের সতর্ক করেছে। 

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ফাঁদে ফেলার জন্য প্রেমের সম্পর্কের প্রয়োজন নেই। বন্ধুত্ব, বিনিয়োগ, চাকরির প্রস্তাব কিংবা ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমেও বিশ্বাস অর্জন করা যায়।

ব্রাউনের মতে, বন্ধুত্ব হানিট্র্যাপের সবচেয়ে পুরোনো কৌশলগুলোর একটি। আক্রমণকারীরা বিনিয়োগকারী, গ্রাহক, নিয়োগদাতা বা পরামর্শক পরিচয়ে যোগাযোগ করে। শুরুতে তাদের আচরণ স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে প্রতিষ্ঠানের কাজ, সহকর্মী ও গোপন তথ্য জানার চেষ্টা চলে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নো বিফোরের (KnowBe4) প্রধান প্রতারণা কৌশলবিদ পেরি কার্পেন্টার বলেন, নিরাপত্তাব্যবস্থা ভেঙে প্রতিষ্ঠানে প্রবেশের চেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এমন ব্যক্তির আস্থা অর্জন করা সহজ। একবার বিশ্বাস তৈরি হলে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করার সুযোগও তৈরি হয়।

 ১৩ বছর পর মুক্তি পেল জিটিএ ৬, বাংলাদেশেও দেখা যাচ্ছে আগ্রহ

আগে হানিট্র্যাপের পরিকল্পনা করতে ব্যক্তিদের বিষয়ে দীর্ঘদিন গবেষণা করতে হতো। এখন এআই দিয়ে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল, মিথ্যা কর্মজীবনের পরিচয় এমনকি কৃত্রিম কণ্ঠস্বরের ফোনকল তৈরি করা সম্ভব। ফলে প্রতারকদের পক্ষে বিশ্বাসযোগ্য পরিচয় তৈরি ও তা দীর্ঘদিন বজায় রাখা সহজ হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, একই ব্যক্তির সঙ্গে বারবার অস্বাভাবিক সাক্ষাৎ, প্রতিষ্ঠানের কাজ নিয়ে অতিরিক্ত কৌতূহল, গোপনে দেখা করার অনুরোধ কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চাপকে সতর্কসংকেত হিসেবে দেখা উচিত। ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের সীমারেখা বজায় রাখার পাশাপাশি গোপন তথ্য প্রকাশেও সতর্ক থাকতে হবে।

প্রতিষ্ঠানগুলোকেও সিইও থেকে শুরু করে সব কর্মীর জন্য একই নিরাপত্তানীতি কার্যকর করতে হবে। কর্মীরা যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলতে পারেন এবং সন্দেহজনক যোগাযোগের বিষয়ে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। ব্রাউনের মতে, অতিরিক্ত সন্দেহপ্রবণ হওয়ার প্রয়োজন নেই; তবে নিজেকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিনতে পারা গুরুত্বপূর্ণ।

 স্বয়ংক্রিয় প্রযুক্তিতে কৌশল বদলাচ্ছে সাইবার অপরাধীরা

সূত্র: টেকক্রাঞ্চ।
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন