বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

| ২ অগ্রাহায়ণ ১৪৩৩

মেয়াদ শেষ ৩০ জুন

এক বছরের জন্য চার প্রতিষ্ঠানকে ভিটিএস লাইসেন্সের অনুমোদন

সুলতানা দিশা

প্রকাশ: ১৬:১৯, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৮, ১৭ নভেম্বর ২০২৬

এক বছরের জন্য চার প্রতিষ্ঠানকে ভিটিএস লাইসেন্সের অনুমোদন

এক বছরের জন্য চার প্রতিষ্ঠানকে ভিটিএস লাইসেন্সের অনুমোদন

চারটি নতুন প্রতিষ্ঠানকে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) লাইসেন্সের অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। চলতি বছর এসব প্রতিষ্ঠানকে লাইসেন্সের অনুমোদন দেওয়া হলেও লাইসেন্সের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। সংশোধিত নতুন টেলিযোগাযোগ নীতিমালার কারণে ভেহিকল ট্র্যাকিং সার্ভিসসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের লাইসেন্সের অনুমোদন ও নবায়ন ৩০ জুন ২০২৭ পর্যন্ত দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি।

ভেহিকল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) সাধারণত জিপিএসের পাশাপাশি আরো কিছু প্রযুক্তি ব্যবহার করে পরিবহনের অবস্থান জানায়। এই সেবা ব্যবহারে ইন্টারনেটের মাধ্যমে পরিবহনের অবস্থান দেখা যায় ইলেকট্রনিক ম্যাপে। 

বর্তমানে দেশে গ্রামীণফোন ও রবিসহ ৬২টি বৈধ ভেহিকল ট্র্যাকিং সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৪৪টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। আর বাংলাদেশ সড়ক ও পরিবহনের অনুমোদিত ভিটিএস প্রতিষ্ঠান রয়েছে ১৮টি। 

ভেহিকল ট্র্যাকিং সার্ভিসের গাইডলাইন অনুযায়ী, নতুন লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর। প্রথম বছর নেওয়া হয় লাইসেন্স অধিগ্রহণ ফি। দ্বিতীয় বছরের শুরু থেকে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চারবার বার্ষিক লাইসেন্স ফি দিতে হয়। বার্ষিক লাইসেন্স ফির দ্বিগুণ অর্থ ব্যাংক গ্যারান্টি হিসেবে জমা দেওয়ার নিয়মও রয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্য অনুযায়ী, ট্রেসএক্সপার্ট লিমিটেড, ঢাকা লজিস্টিক সার্ভিস অ্যান্ড সলিউশন, ডোজ লিমিটেড ও ফাস্ট ট্র্যাকার এই চার প্রতিষ্ঠানকে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের মাঝামাঝি সময়ে ভিটিএস লাইসেন্সের জন্য অনুমোদন দেওয়া হয়। তবে লাইসেন্সের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত ধরা হয়েছে। সে ক্ষেত্রে এক বছরের জন্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে লাইসেন্স ফি নেওয়া হয়েছে ৮০ হাজার টাকা।

এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার শফিউল আজম পারভেজ টেকস্ক্রলকে জানান, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসিতে যে পর্যালোচনা ও সংশোধন আনা হয়েছে, তা নতুন বছরের জুলাইয়ে কার্যকর হতে যাচ্ছে।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানসহ টেলিযোগাযোগ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত নতুন লাইসেন্সের অনুমোদন ও নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। কারণ, এরপর সংশোধিত নীতিমালা অনুযায়ী লাইসেন্সের অনুমোদন ও নবায়ন প্রক্রিয়া চালু হবে।

এদিকে, ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর টেলিকমিউনিকেশন্স নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫ অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। এরপর ১০ ফেব্রুয়ারি এই নীতিমালায় খাতভিত্তিক চারটি গাইডলাইনও জারি করা হয়। তবে পরবর্তীতে চলতি বছর নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের নির্দেশনায় নীতিমালা ও গাইডলাইন পর্যালোচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
 

আরও পড়ুন