বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

| ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে অনলাইনে গাড়ি বিক্রি করবে অ্যামাজন

প্রকাশ: ১৫:৩৮, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫০, ২৫ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে অনলাইনে গাড়ি বিক্রি করবে অ্যামাজন

অনলাইনে গাড়ি বিক্রি করতে যাচ্ছে অ্যামাজন

যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যে অনলাইনে গাড়ি বিক্রির ব্যবসা শুরু করতে যাচ্ছে অ্যামাজন। ২০২৭ সালের শুরুর দিকে দেশটিতে ‘অ্যামাজন অটোস’ চালু করবে ই-কমার্স প্রতিষ্ঠানটি। এই প্ল্যাটফর্মে ক্রেতারা নতুন ও ব্যবহৃত গাড়ির মডেল দেখতে, দাম জানতে এবং পছন্দের গাড়ি বুকিং দিতে পারবেন। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই হবে অ্যামাজন অটোসের প্রথম সম্প্রসারণ।

যুক্তরাজ্যে সেবা চালুর শুরুতেই অ্যামাজনের সঙ্গে যুক্ত হচ্ছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। তাদের বৈদ্যুতিক, হাইব্রিড ও পেট্রলচালিত বিভিন্ন মডেল পাওয়া যাবে প্ল্যাটফর্মটিতে।

এর মধ্যে রয়েছে আইওনিক ৩, আইওনিক ৫, কোনা ও আই২০। এ ছাড়া যুক্তরাজ্যের গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ভার্টু মোটরসের ব্যবহৃত গাড়িও কেনা যাবে। আগামী কয়েক মাসে আরও গাড়ি নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে অ্যামাজনের।

Amazon.co.uk এই ওয়েবসাইটে গাড়ির মডেল, সংস্করণ ও রং দেখে পছন্দের গাড়ি বেছে নিতে পারবেন ক্রেতারা। সেখানে গাড়ির দাম জানার পাশাপাশি নিজের পুরোনো গাড়ির সম্ভাব্য মূল্যও যাচাই করা যাবে। গাড়ি কেনার জন্য অর্থায়নের বিভিন্ন সুযোগ দেখার পর অনলাইনেই বুকিং দেওয়া যাবে।

তবে পুরো কেনাকাটা অনলাইনে শেষ হবে না। গাড়ি বুঝে নেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কেনার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট ডিলারশিপে। গাড়ির দামও নির্ধারণ করবেন বিক্রেতারা। অ্যামাজনের প্ল্যাটফর্ম মূলত ক্রেতাদের গাড়ি খোঁজা, দাম যাচাই ও বুকিংয়ের কাজ সহজ করবে।

 ৫ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণের পথে অ্যামাজন

অ্যামাজন অটোস ইন্টারন্যাশনালের পরিচালক ম্যাট নাফোর্ট বলেন, গাড়ি কেনা মানুষের জীবনের অন্যতম বড় কেনাকাটা। তাই অ্যামাজনে অন্য পণ্য কেনার মতো গাড়ি কেনার অভিজ্ঞতাও সহজ ও স্বচ্ছ হওয়া উচিত।

২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অ্যামাজন অটোস চালু করে প্রতিষ্ঠানটি। শুরুতে ৪৮টি শহরে সেবা চালু হলেও বর্তমানে তা ১৫০টির বেশি শহরে পৌঁছেছে। অ্যামাজনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩৫টি গাড়ির ব্র্যান্ড এবং হাজারো ডিলারের সঙ্গে কাজ করছে এই প্ল্যাটফর্ম।

যুক্তরাজ্যে সেবা চালুর মধ্য দিয়ে এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের অনলাইন গাড়ি বিক্রির কার্যক্রম বাড়াতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

 দেশে কম ডেটা সেন্টার, বাড়ছে AI-এর চাপ

সূত্র: রয়টার্স 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন