বকেয়া ২৮ কোটির বেশি
আইআইজি প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেডের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত
গাজী তানজীর আহমেদ
প্রকাশ: ১৪:৫৬, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১১, ১৬ নভেম্বর ২০২৬
আইআইজি প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেডের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত
দীর্ঘদিনের বকেয়া পরিশোধ না করা ও লাইসেন্সের শর্ত লঙ্ঘনের অভিযোগে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেডের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। প্রতিষ্ঠানটির কাছে রাজস্ব, লাইসেন্স ফি, ভ্যাট ও বিলম্ব ফিসহ ২৮ কোটি ৩৯ লাখ টাকার বেশি পাওনা রয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে, ২০১২ সালের ১২ এপ্রিল আমরা টেকনোলজিসকে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) লাইসেন্স দেয়া হয়। লাইসেন্সটির মেয়াদ ২০২৭ সালের ১১ এপ্রিল পর্যন্ত।
তবে ২৮ কোটি ৩৯ লাখ ১৮ হাজার ৭২১ টাকা বকেয়া পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের কার্যক্রম শুরুর জন্য কমিশনের এলএল বিভাগকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো জানা যায়, চলতি বছরের ১৬ মার্চ প্রতিষ্ঠানটিকে বকেয়া পরিশোধ না করার কারণ দর্শানোর নোটিশ পাঠাতে সরকারের অনুমোদন চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেয় বিটিআরসি। ৯ এপ্রিল সেই অনুমোদন পাওয়া যায়।
পরে ১০ মে আমরা টেকনোলজিসকে নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। ৮ জুন কমিশনের কাছে প্রতিষ্ঠানটি যে ব্যাখা প্রদান করে তা গ্রহণযোগ্য নয় বলে জানায় নিয়স্ত্রণ কমিশন বিটিআরসি ।
প্রতিষ্ঠানটির ব্যাখায় বলা হয়, বকেয়ার ১১ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকার ৫ শতাংশ ডাউনপেমেন্টে ৪৮টি কিস্তির মাধ্যমে পরিশোধ করা হবে। তবে বকেয়ার বাকি অর্থ পরিশোধের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ শতভাগ ক্যাপিং থাকায় প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইআইজি গাইডলাইন এবং লাইসেন্সের শর্ত লঙ্ঘনের অভিযোগও রয়েছে।













