তরঙ্গ বরাদ্দ ১১ নভেম্বর
তরঙ্গ নবায়নের মেয়াদ এক মাস বাড়িয়েছে বিটিআরসি
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৪৫, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫২, ১১ নভেম্বর ২০২৬
তরঙ্গ নবায়নের মেয়াদ একমাস বাড়িয়েছে বিটিআরসি
বেসরকারি তিন মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের জন্য এক মাস সময় বাড়িয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নতুন মেয়াদ অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বরাদ্দকৃত তরঙ্গ ব্যবহার করতে পারবে অপারেটররা। মঙ্গলবার ১০ নভেম্বর তিন অপারেটরকে চিঠি দিয়ে এ তথ্য জানায় কমিশন।
মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের তরঙ্গের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার ১১ নভেম্বর। মেয়াদ শেষের একদিন আগেই চিঠির মাধ্যমে অপারেটরদের তরঙ্গ ব্যবহারের সময় বাড়ায় বিটিআরসি।
জানা যায়, স্পেকট্রাম নবায়নের মূল্য চূড়ান্ত না হওয়া এবং নির্ধারিত সময়ে নিলাম আয়োজন করতে না পারায় দেশের তিন বেসরকারি মোবাইল ফোন অপারেটরকে আরও এক মাস সময় দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।
চিঠিতে বলা হয়, গ্রাহকের অধিকার সুরক্ষা এবং সেবা নিরবচ্ছিন্ন রাখতে তরঙ্গ ব্যবহারের সময় বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে। তবে সাময়িক অনুমোদনের পাশাপাশি নবায়ন প্রক্রিয়ার আওতায় নতুন স্পেকট্রাম বরাদ্দ বুধবার ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
চিঠিতে আরও বলা হয়, নবায়নের নির্দেশনা পাওয়ার পর কোনো অপারেটর তার আগের বরাদ্দের পুরো বা কোনো অংশ নবায়ন না করার সিদ্ধান্ত নিলে, ওই অংশের ব্যবহার বন্ধের তারিখ পর্যন্ত আনুপাতিক হারে তরঙ্গের দাম দিতে হবে।
একই সাথে অপারেটরদের সেলুলার মোবাইল অপারেটর লাইসেন্স এবং রেডিও কমিউনিকেশন অপারেটাস লাইসেন্সের সব শর্ত ও বিধান মেনে চলতে হবে।
১৫ বছর আগে নিলামের মাধ্যমে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসি। এর মধ্যে গ্রামীণফোনের ৩২ দশমিক ৪ মেগাহার্জ তরঙ্গ নবায়ন করতে হবে। আর রবির ২৯ দশমিক ৪ মেগাহার্টজ ও বাংলালিংকের ২১ মেগাহার্টজ তরঙ্গ নবায়ন করতে হবে।
বর্তমানে গ্রামীণফোনের ৮ কোটি ৪৪ লাখ গ্রাহকের জন্য রয়েছে ১৩৭ দশমিক ৪ মেগাহার্টজ, রবির ৫ কোটি ৭৪ লাখ গ্রাহকের জন্য ১২৪ মেগাহার্টজ এবং বাংলালিংকের ৩ কোটি ৭৪ লাখ গ্রাহকের জন্য ৮০ মেগাহার্টজ তরঙ্গ রয়েছে। আর রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের ৭০০, ৯০০, ১৮০০, ২১০০ ও ২৩০০ মেগাহার্টজ ব্যান্ড মিলিয়ে মোট ৬৫ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ রয়েছে। টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ৬৮ লাখ।













