চাঁদাবাজির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ আইএসপিএবি’র
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:৫০, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১৬:৩১, ১৪ জুন ২০২৬
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ আইএসপিএবি’র
হামলা বন্ধ না হলে সেবার নিশ্চিতে প্রভাব পড়বে
দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি এবং নেটওয়ার্ক দখলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। রোববার (১৪ জুন) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানান, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর এবং বগুড়ার বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, এটি দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপর সরাসরি আঘাত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একদল সন্ত্রাসী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আহত হন। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও নেটওয়ার্ক অবকাঠামোর ক্ষতি হয়, যা সেবার ধারাবাহিকতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
আইএসপিএবি নেতারা বলেন, এ ধরনের হামলা বিনিয়োগ পরিবেশ, ব্যবসার নিরাপত্তা এবং ডিজিটাল সেবার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
গেল বছরের তুলনায় বিক্রি বেড়েছে ল্যাপটপের
এছাড়া স্থানীয় থানাগুলোকে এ ধরনের ঘটনার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। আইএসপিএবির নেতারা আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত না হলে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সেবার মান, সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।
তারা সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং তথ্যপ্রযুক্তি খাতের নিরাপদ বিকাশ নিশ্চিত করতে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু ও ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদসহ সংগঠনের অন্যান্য পরিচালক ও নেতারা।













