বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

| ৫ কার্তিক ১৪৩৩

উন্নত চিপ উৎপাদনের উদ্যোগ

চীনা প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে কারখানা আধুনিক করছে স্যামসাং ও এসকে হাইনিক্স

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:১২, ২১ অক্টোবর ২০২৬

চীনা প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে কারখানা আধুনিক করছে স্যামসাং ও এসকে হাইনিক্স

চীনা প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে কারখানা আধুনিক করছে স্যামসাং ও এসকে হাইনিক্স

চীনে নিজেদের কারখানায় উন্নত ন্যান্ড চিপ তৈরির প্রযুক্তি আধুনিক করছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স। চীনা প্রতিষ্ঠান ওয়াইএমটিসির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাড়তি চাহিদা মেটাতে এ উদ্যোগ নিয়েছে তারা। 

গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনের ন্যান্ড চিপের বাজারে ওয়াইএমটিসির হিস্যা বেড়ে ৩৮ দশমিক ৫ শতাংশ হয়েছে। বিপরীতে স্যামসাংয়ের হিস্যা কমে ৩৩ দশমিক ৫ শতাংশ এবং এসকে হাইনিক্সের ১৭ শতাংশে নেমেছে।

স্যামসাং চীনের শিয়ান কারখানায় ২৮৬ স্তরবিশিষ্ট ভি৯ ন্যান্ড চিপ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সেখানে প্রায় ২০০ স্তরবিশিষ্ট চিপ তৈরি হয়। ২০২৬ সালের ডিসেম্বরে মাসে ৫ হাজার ওয়েফার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। 

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তা বাড়িয়ে ৪০ হাজার ওয়েফারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের বৈশ্বিক ন্যান্ড চিপ উৎপাদনের প্রায় ৪০ শতাংশ আসে এ কারখানা থেকে।

স্যামসাং জানিয়েছে, এ উদ্যোগের লক্ষ্য গ্রাহকদের চাহিদা মেটানো। তবে উৎপাদন সক্ষমতা বাড়ানো বা নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা নেই তাদের।

অন্যদিকে, চীনের দালিয়ান কারখানায় বর্তমানে ১৯২ স্তরবিশিষ্ট ন্যান্ড চিপ তৈরি করে এসকে হাইনিক্স। প্রতিষ্ঠানটি সেখানে অন্তত ২৪০ স্তরবিশিষ্ট চিপ উৎপাদনের পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট এক ব্যক্তির মতে, ৩০০ স্তরের বেশি চিপ নিয়ে গবেষণা ও উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চাইতে পারে প্রতিষ্ঠানটি। 

২০২১ সালে ইন্টেলের ন্যান্ড ব্যবসা অধিগ্রহণের মাধ্যমে দালিয়ান কারখানাটি এসকে হাইনিক্সের আওতায় আসে। এ ব্যবসার বর্তমান নাম সলিডাইম।

তবে চীনে চিপ তৈরির প্রযুক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্রের রপ্তানি বিধিনিষেধ বড় বাধা। ২০২২ সাল থেকে চিপ তৈরির কিছু সরঞ্জাম রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে দেশটি। চীনের কারখানায় যুক্তরাষ্ট্রে তৈরি সরঞ্জাম ব্যবহারের জন্য স্যামসাং ও এসকে হাইনিক্সকে প্রতিবছর অনুমোদন নিতে হয়। 

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের শিল্প ও নিরাপত্তা ব্যুরো জানায়, চীনে বিদেশি চিপ নির্মাতাদের বিদ্যমান কারখানায় উৎপাদন সক্ষমতা বাড়ানো বা প্রযুক্তি উন্নয়নের অনুমতি দেওয়ার পরিকল্পনা তাদের নেই।

রয়টার্সকে দেওয়া বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, কারখানা আধুনিক করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। তবে প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির অনুমোদনের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ন্যান্ড চিপ বিদ্যুৎ সংযোগ না থাকলেও তথ্য সংরক্ষণ করতে পারে। স্মার্টফোন, কম্পিউটার ও এআই ডেটা সেন্টারে এ চিপ ব্যবহার করা হয়। চিপের স্তর বাড়লে কম জায়গায় বেশি তথ্য রাখা যায় এবং উৎপাদন খরচ কমানো সম্ভব হয়।

ওমডিয়ার তথ্য অনুযায়ী, চীনের ন্যান্ড চিপের বাজারে ওয়াইএমটিসির হিস্যা ২০২৫ সালের ২৮ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩৮ দশমিক ৫ শতাংশ হয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ১৬০ ও ২৩২ স্তরবিশিষ্ট চিপের পাশাপাশি সীমিত পরিমাণে ২৯৪ স্তরবিশিষ্ট চিপ তৈরি করছে। 

৩০০ স্তরের বেশি চিপ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে তাদের। চীনের বাইরে স্যামসাং সর্বোচ্চ ২৮৬ স্তরবিশিষ্ট ন্যান্ড চিপ বিক্রি করে। গত আগস্টে প্রতিষ্ঠানটি ৪০০ স্তরের বেশি চিপের একটি নমুনা দেখিয়েছে। এসকে হাইনিক্সের বিক্রি করা ন্যান্ড চিপের স্তরের সংখ্যা সর্বোচ্চ ৩২১।

 

সূত্র: রয়টার্স 
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন