মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

| ১ অগ্রাহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের মামলা

পিসি বিক্রির মন্দা গোপনের অভিযোগে ইন্টেলের বিরুদ্ধে মামলা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:৩৮, ১৬ নভেম্বর ২০২৬

পিসি বিক্রির মন্দা গোপনের অভিযোগে ইন্টেলের বিরুদ্ধে মামলা

পিসি বিক্রির মন্দা গোপনের অভিযোগে ইন্টেলের বিরুদ্ধে মামলা

পিসি বিক্রি কমে যাওয়ার প্রভাব সম্পর্কে বিনিয়োগকারীদের সময়মতো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। এতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কৃত্রিমভাবে বেশি ছিল বলে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। এ অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্যান লিপ-বু এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে দায়ের করা মামলায় বলা হয়েছে, পিসির চাহিদা কমে যাওয়ার বিষয়টি ইন্টেল যথাসময়ে প্রকাশ করেনি। ফলে প্রতিষ্ঠানটির আয়ের ওপর এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিনিয়োগকারীরা অন্ধকারে ছিলেন। পরে বিক্রি কমার তথ্য প্রকাশ্যে আসার পর এক দিনেই ইন্টেলের শেয়ারের দাম প্রায় ২৯ শতাংশ পড়ে যায়।

গত ৩০ অক্টোবর ইন্টেলের শেয়ারে এই বড় দরপতন হয়। এর আগের দিন পরবর্তী প্রান্তিকের আয় নিয়ে হতাশাজনক পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। এতে এক দিনেই ইন্টেলের বাজারমূল্য থেকে কয়েক হাজার কোটি ডলার কমে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ২৯ অক্টোবরের মধ্যে ইন্টেলের সাধারণ শেয়ার কিনেছেন, এমন বিনিয়োগকারীদের পক্ষে মামলাটি করেছে আইনজীবী প্রতিষ্ঠান রবিনস গেলার রুডম্যান অ্যান্ড ডাউড। এটি একটি প্রস্তাবিত শ্রেণি-প্রতিনিধিত্বমূলক (ক্লাস অ্যাকশন) মামলা। এ বিষয়ে মন্তব্য জানতে ইন্টেলের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

মামলায় ইন্টেলের বিরুদ্ধে বিনিয়োগকারীদের কাছে ‘গুরুত্বপূর্ণভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে পিসি বিক্রির গতি কমে যাওয়া এবং ডেটা সেন্টার প্রকল্পের প্রভাব সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়নি বলে দাবি করেছেন বাদীপক্ষ।

গত অক্টোবরে ইন্টেল জানায়, সেপ্টেম্বর শেষে তিন মাসে তাদের কম্পিউটার হার্ডওয়্যার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। অথচ এর আগে প্রতিষ্ঠানটি পিসির চাহিদা বাড়ার ইঙ্গিত দিয়েছিল। নতুন তথ্য প্রকাশের পর আগের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল সামনে আসে। মামলায় বলা হয়েছে, পিসির চাহিদা কমে যাওয়ায় ওই প্রান্তিকে ইন্টেলের আয় ৯ শতাংশ বা প্রায় ৮০০ মিলিয়ন ডলার কমে ৮ দশমিক ১ বিলিয়ন ডলারে নেমে আসে।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়ায় উৎপাদন খাতে বড় অঙ্কের বিনিয়োগ করছে ইন্টেল। ডেটা সেন্টারের জন্য চিপের চাহিদা বাড়ায় পিসি ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের চিপের সরবরাহেও চাপ তৈরি হয়েছে। ফলে পিসি নির্মাতাদের জন্য প্রয়োজনীয় চিপের দাম বেড়েছে।

ইন্টেলের সিইও ট্যান লিপ-বু অক্টোবরে বিশ্লেষকদের বলেছিলেন, প্রযুক্তি শিল্প নজিরবিহীন মেমোরি সংকটের মুখে পড়েছে। এ কারণে পিসির জন্য প্রয়োজনীয় চিপের সরবরাহ কমে গেছে। তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জগুলো জরুরি ভিত্তিতে মোকাবিলা করতে হবে।’

সাম্প্রতিক সময়ে ইন্টেলের শেয়ারে বড় ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। গত এক মাসে শেয়ারের দাম কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ। তবে এত দরপতনের পরও চলতি বছর এখন পর্যন্ত শেয়ারটির দাম ৫১ শতাংশ বেড়েছে।

সূত্র: বিবিসি
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন