বড় টিভিতে সিনেমা দেখলে বমিভাব, পর্দার আকার কি দায়ী?
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:২১, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১২, ২৩ নভেম্বর ২০২৬
বড় টিভিতে সিনেমা দেখলে বমিভাব, পর্দার আকার কি দায়ী?
বড় পর্দায় সিনেমা দেখার শখ থেকে ৫৫ ইঞ্চির টিভি বদলে ৬৫ ইঞ্চির ওএলইডি (OLED) টিভি কিনেছিলেন টেকক্রাঞ্চের লেখক লুকাস রোপেক। নতুন টিভিতে ছবির মান ও রঙের উজ্জ্বলতা তাঁকে মুগ্ধ করলেও সিনেমা দেখতে গিয়ে হঠাৎ বমিভাব শুরু হয়।
কয়েক ঘণ্টা পর দেখা দেয় মাথাব্যথাও। পরে জানতে পারেন, নতুন ওএলইডি টিভি কেনার পর একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন আরও অনেকে। এতে প্রশ্ন উঠেছে, টিভির পর্দা কি অতিরিক্ত বড় হলে দর্শকের শারীরিক অস্বস্তি হতে পারে?
ওএলইডি প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে প্রতিটি পিক্সেল নিজেই আলো তৈরি করে। সাধারণ এলইডি টিভিতে পেছনের ব্যাকলাইটের সাহায্যে ছবি দেখানো হয়।
কিন্তু ওএলইডিতে প্রতিটি পিক্সেলের আলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে ছবিতে রঙের গভীরতা বাড়ে এবং আলো-ছায়ার পার্থক্য আরও স্পষ্ট হয়। উন্নত ছবির মানের কারণে সিনেমাপ্রেমীদের কাছে এ ধরনের টিভির চাহিদা বেশি। তবে দামও তুলনামূলক বেশি।
দীর্ঘদিন ধরে ওএলইডি টিভি কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে সিদ্ধান্ত নিতে পারছিলেন না লুকাস। শেষ পর্যন্ত ২০২৪ সালে বাজারে আসা এলজির ৬৫ ইঞ্চির ইভো সি৪ (LG evo C4) মডেলটি কেনেন তিনি। শুরুতে নিজের সংগ্রহে থাকা ৪কে ব্লু-রে (4K Blu-ray) ডিস্কে একের পর এক সিনেমা দেখছিলেন।
কিন্তু ‘ম্যাককেব অ্যান্ড মিসেস মিলার’ সিনেমা দেখার মাঝপথে হঠাৎ বমিভাব শুরু হয়। কয়েক ঘণ্টা অস্বস্তির পর মাথাব্যথাও দেখা দেয়। অথচ এর আগে মোশন সিকনেস বা চলন্ত অবস্থায় বমিভাবের সমস্যা তাঁর তেমন ছিল না।
পরে রেডিটে খোঁজ নিয়ে একই অভিজ্ঞতার কথা জানতে পারেন তিনি। নতুন ওএলইডি টিভি কেনার পর মাথা ঘোরা, বমিভাব ও অসুস্থতার কথা লিখেছেন কয়েকজন ব্যবহারকারী। একজন এলজি সি২ (LG C2) টিভি কেনার পরদিনও মাথা ঘোরা ও বমিভাব থাকার কথা জানান।
এমনকি টিভিটি ফেরত দেওয়ার কথাও ভাবছিলেন তিনি। অন্যদিকে, ৮৫ ইঞ্চির টিসিএল টিভি কেনার পর তাঁর স্ত্রী বড় পর্দায় সিনেমা দেখতে গিয়ে অসুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন আরেক ব্যবহারকারী।
তবে এ ধরনের সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কেউ কেউ টিভির মোশন স্মুথিং সেটিংসকে দায়ী করেছেন। এই সুবিধা দ্রুতগতির দৃশ্যকে আরও মসৃণ করে দেখায়।
আবার টিভির খুব কাছে বসে দেখলেও অস্বস্তি হতে পারে বলে মনে করেন অনেকে। তবে লুকাস প্রায় ৯ ফুট দূর থেকে টিভি দেখছিলেন, যা ৬৫ ইঞ্চির পর্দার জন্য প্রচলিত সুপারিশের মধ্যে পড়ে।
পর্দার অতিরিক্ত উজ্জ্বলতাকেও সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন কেউ কেউ। তাই লুকাস টিভির ব্রাইটনেস কমিয়ে ৫০ শতাংশে রাখেন। তাঁর ধারণা, বড় পর্দার সঙ্গে চোখের অভ্যস্ত না হওয়াও বমিভাবের কারণ হতে পারে।
পুরো পর্দার দৃশ্য দেখতে চোখকে বারবার এক পাশ থেকে অন্য পাশে নিতে হয়। দ্রুতগতির দৃশ্যের সময় বিষয়টি অনেকটা চলন্ত গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার মতো অনুভূতি তৈরি করতে পারে।
ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
তবে কয়েক দিন পর ধীরে ধীরে তাঁর চোখ নতুন পর্দার সঙ্গে মানিয়ে নেয়। বমিভাব ও মাথাব্যথাও চলে যায়। এরপর বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে।
শুধু চোখের স্বাচ্ছন্দ্য নয়, বড় টিভি কেনার আগে ঘরের আয়তনও বিবেচনায় রাখা প্রয়োজন। নতুন বাসায় বড় বসার ঘর থাকায় ৬৫ ইঞ্চির টিভি স্থাপনে সমস্যা হয়নি লুকাসের।
তবে আগের ছোট অ্যাপার্টমেন্টে এই টিভি রাখলে ঘরের অনেকটা জায়গা দখল হয়ে যেত। টিভির পর্দা ও স্ট্যান্ড জোড়া লাগাতেও অন্যের সাহায্য নিতে হয়েছে তাঁকে। বিস্তারিত নির্দেশনা না থাকায় ইউটিউবের ভিডিও দেখে স্থাপনের কাজ করতে হয়েছে।
সব মিলিয়ে এলজি ইভো সি৪ (LG evo C4)-এর ছবির মান ও সুবিধা নিয়ে সন্তুষ্ট লুকাস। এতে উজ্জ্বলতা ও রং নিয়ন্ত্রণের পাশাপাশি রয়েছে ‘ফিল্মমেকার মোড’, যা পরিচালকের নির্ধারিত রং ও ফ্রেম রেট অনুযায়ী সিনেমা দেখার অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে।
তবে তাঁর অভিজ্ঞতা বলছে, বড় টিভি কেনার সময় শুধু ছবির মান বা পর্দার আকার নয়, ঘরের জায়গা, বসার দূরত্ব এবং নিজের দেখার স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দেওয়া উচিত।
সূত্র: টেকক্রাঞ্চ













