বুধবার, ০১ জুলাই ২০২৬

| ১৬ আষাঢ় ১৪৩৩

সিম কর প্রত্যাহারের সুফল নেই

স্মার্টফোন আমদানিতে ৬২ শতাংশ কর আরোপ অযৌক্তিক

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ২১:০৩, ১ জুলাই ২০২৬ | আপডেট: ২১:০৫, ১ জুলাই ২০২৬

স্মার্টফোন আমদানিতে ৬২ শতাংশ কর আরোপ অযৌক্তিক

স্মার্টফোন আমদানিতে ৬২ শতাংশ কর আরোপ অযৌক্তিক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানিতে ৬২ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত অযৌক্তিক বলে জানান টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের (টিআইটিএপি) আহ্বায়ক ফাহিম মাশরুর। সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। বাজেটে মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর প্রত্যাহারের সুফল গ্রাহকরা পাবেন বলে মনে করেন টেলিকম বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন আহমেদ।

সেমিনারে ফাহিম মাশরুর বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রযুক্তি পণ্য ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ও মনিটর আমদানিতে ৫০ থেকে ৭০ শতাংশ কর কমানোর প্রস্তাব ইতিবাচক। তবে এর বিপরীতে স্মার্টফোন আমদানিতে ৬২ শতাংশ করের প্রস্তাব অযৌক্তিক। কারণ অধিকাংশ গ্রাহক বর্তমানে ল্যাপটপ ও কম্পিউটারের কাজ স্মার্টফোনের মাধ্যমে করে থাকেন।

গুটি কয়েক বিদেশি মালিকানাধীন স্মার্টফোন সংযোজন বা অ্যাসেম্বলি প্রতিষ্ঠানের স্বার্থে এই কর নীতি প্রস্তাব। এছাড়াও মোবাইল ইন্টারনেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট বহাল রাখা ডিজিটাল বৈষম্য দূর করতে বাধা হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন বলেন, মোবাইল অপারেটররা লবিংয়ের মাধ্যমে সিমের ওপর ৩০০ টাকা টেক্স কমানোর পাশাপাশি অন্যান্য আয়কর কমানোর সুবিধা পেতে যাচ্ছে। এতে অপারেটরদের মুনাফা বাড়লেও সাধারণ গ্রাহক কোনো সুফল পাবেন না।

প্রতি ১০০ টাকার টকটাইমে সাধারণ গ্রাহককে ৪০ টাকার বেশি দিতে হয় সরকারকে। এই হার এশিয়ার যে কোন দেশ থেকে অনেক বেশি বলেও জানান মাহতাব উদ্দিন। 

স্টার্টাআপ প্রতিষ্ঠান শেয়ার ট্রিপের প্রধান সাদিয়া হক জানান, বাজেটে স্টার্টাআপ খাতকে যে নীতি সহায়তার কথা বলা হয়েছে তা সহজে পাওয়ার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কাজ করতে হবে।  

সফটওয়্যার প্রতিষ্ঠান ড্রিম ৭১ এর প্রধান রাশাদ কবির বলেন, সফটওয়্যার শিল্পের আয়কর অব্যাহতি সুবিধা শেষ হবে আগামী বছর। কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সফটওয়্যার খাতকে উন্নত করতে আয়কর অব্যাহতি আরো বাড়ানো প্রয়োজন। 

সেমিনারে আরো উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাসহ আরো অনেকে। 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন