ডিএক্সওমার্কের সবশেষ তালিকা
ক্যামেরার মানে শীর্ষস্থানে হুয়াওয়ে
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২০:৫৬, ২৪ জুন ২০২৬
ক্যামেরার মানে শীর্ষস্থানে হুয়াওয়ে
মোবাইল ফোটোগ্রাফি ও ক্যামেরার মানে শীর্ষস্থান দখল করে আছে হুয়াওয়ে পুরা ৮০ আলট্রা। ১৭৫ স্কোর নিয়ে তালিকার প্রথমেই চলে এসেছে ডিভাইসটির নাম। ডিএক্সওমার্কের সর্বশেষ মে মাসের র্যাঙ্কিংয়ে উঠে এসেছে এই তথ্য। ১৭১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিভো এক্স-৩০০ প্রো।
ক্যামেরার কার্যকারিতা মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত নাম ডিএক্সওমার্ক। মার্কিন এই প্রতিষ্ঠানটি পরীক্ষাগার এবং বাস্তব পরিবেশে বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্মার্টফোন ক্যামেরার মান যাচাই করে থাকে। ছবির স্বচ্ছতা, রঙের যথার্থতা, স্বয়ংক্রিয় ফোকাস, কম আলোতে ছবি তোলার সক্ষমতার পাশপাশি ভিডিও ধারণের মানের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় চূড়ান্ত স্কোর।
ক্যামেরা টেস্টিং প্ল্যাটফর্ম ডিএক্সওমার্কের সবশেষ চলতি বছরের মে মাসের বিশ্লেষণে সেরা পাঁচটি স্মার্টফোন ক্যামেরার তালিকায় স্থান করে নিয়েছে বিশ্বের কয়েকটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ ডিভাইস।
তালিকার শীর্ষে থাকা হুয়াওয়ে পুরা ৮০ আলট্রা স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪০ আল্ট্রা ওয়াইড লেন্স ও পরিবর্তনযোগ্য অ্যাপারচার। স্পষ্ট ফোকাস ও ব্যাকগ্রাউন্ড ব্লারসহ চমৎকার পোর্ট্রেটের অভিজ্ঞতা দিবে ডিভাইসটি। এমনকি এই ডিভাইসের ভিডিও ও ছবির জুম সিস্টেম দূরের যেকোনো ফোকাস স্বচ্ছ রাখে বলে ডিএক্সওমার্কের মূল্যায়নে উঠে এসেছে।
দ্বিতীয় স্থানে থাকা ভিভো এক্স-৩০০ প্রো স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ডিএক্সওমার্কের মতে, ত্বকের স্বাভাবিক রঙ ফুটিয়ে তোলা, আলোর ভারসাম্য বজায় রাখা এবং প্রতিকৃতি ধারণে ডিভাইসটি অত্যন্ত দক্ষ।
এদিকে তৃতীয় স্থানে রয়েছে অপো ফাইন্ড এক্স-৮ আলট্রা। ১৬৮ স্কোরে থাকা ডিভাইসটি ভারসাম্যপূর্ণ ক্যামেরা পারফরম্যান্সের জন্য বিশেষভাবে পরিচিত। রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এছাড়াও ১৬৮ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে আইফোন ১৭ প্রো। অ্যাপেল প্রতিষ্ঠানের ব্যয়বহুল এই স্মার্টফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এদিকে ১৬৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে দেখা যায় ভিভো এক্স-২০০ আলট্রা স্মার্টফোনটির নাম। ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে।
ছবি তোলা,ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট প্রকাশসহ স্মৃতি সংরক্ষণ সব ক্ষেত্রেই বাড়ছে উন্নত ক্যামেরা সমৃদ্ধ স্মার্টফোনের চাহিদা। এসব বিবেচনায় নির্মাতারাও প্রতি বছর আরও উন্নত প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছেন বাজারে।













