একমাসের জন্য এই সুবিধা
ভেনেজুয়েলায় বিনামূল্যে স্টারলিংক সেবা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:১৩, ২৭ জুন ২০২৬
ভেনেজুয়েলায় বিনামূল্যে স্টারলিংক সেবা
ভূমিকম্পের কারণে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মাসের জন্য বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতেই এমন সিন্ধন্ত। ২৫ জুন এ তথ্য জানায় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট বিভাগ।
গেল ২৪ জুন শক্তিশালি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। দেশটিতে এক শতকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৯২০ বলে জানা যায়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ২৫ জুলাই পর্যন্ত কোনো রকম চার্জ ছাড়া বিনামূলে দেশটিতে ইন্টারনেট সেবা নিশ্চিতের ঘোষণা দেয় স্টারলিংক। এই সুবিধা সহজ করতে প্রতিষ্ঠানটি সংক্রিয়ভাবে ক্রেডিট যোগ করবে গ্রাহকদের অ্যাকাউন্টে।
দেশটিতে স্টারলিংকের সংযোগ বন্ধ রাখা গ্রাহকদের অ্যাকাউন্টেও ক্রেডিট জমা করা হবে। এতে তারা পুনরায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বিনামূলে। এছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার নতুন গ্রাহকরা স্টারলিংক কিট কিনে বিনামূল্যে সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এমনকি গ্রাহকদের নষ্ট স্টারলিংক কিটও বিনামূল্যে বদলে দেওয়ার ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে স্টারলিংক অতিরিক্ত টার্মিনালও পাঠাচ্ছে। যেসব যায়গায় মোবাইল নেটওয়ার্ক বা প্রচলিত ইন্টারনেট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে এই স্যাটেলাইট টার্মিনালগুলো দ্রুত সংযোগ চালু করতে সহায়তা করবে।
বিশেষজ্ঞদের মতে, লো আর্থ অরবিট স্যাটেলাইট প্রযুক্তি দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভূমিকম্প, ঘূর্ণিঝড় বা যুদ্ধের কারণে স্থলভিত্তিক নেটওয়ার্ক অচল হলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি যোগাযোগ চালু রাখা সম্ভব।
সূত্র: রয়টার্স













