প্ল্যাটফর্মগুলোতে আসক্তির কারণে মামলা
যুক্তরাষ্ট্রে ইউটিউব ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে কিশোরের মামলা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:২৬, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৭:৪৬, ২৪ জুন ২০২৬
যক্তরাষ্ট্রে ইউটিউব ও ফেসবুকের বিরুদ্ধে মামলা
গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এবং মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামসহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। এসব প্ল্যাটফর্মের আসক্তিকর ডিজাইন শিশু ও কিশোরদের মানসিক ক্ষতির কারণ বলে অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছেন ফ্লোরিডার ১৬ বছর বয়সী এক কিশোর।
মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে শুধু ইউটিউব ও ইনস্টাগ্রাম নয়, স্ন্যাপ ইনকরপোরেটেডের স্ন্যাপচ্যাট এবং বাইটড্যান্সের টিকটকের বিরুদ্ধেও মামলা করেছেন ওই কিশোর। আদালতের নথি অনুযায়ী, তিনি মাত্র আট বছর বয়সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার শুরু করেন। পরবর্তীতে প্ল্যাটফর্মগুলোর প্রতি তার অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়। এর ফলে ঘুমের সমস্যা, হতাশা এবং উদ্বেগের মতো জটিলতায় ভুগতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সমঝোতায় ইউটিউব, বিচারের মুখে অন্য তিন প্রতিষ্ঠান
তবে মামলা খারিজের বিষয়ে ইউটিউব সমঝোতায় পৌঁছালেও বাকি তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামী জুলাই মাসে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। ইউটিউবের মুখপাত্র হোসে কাস্তানেদা জানিয়েছেন, আন্তরিকতার সঙ্গে মামলাটির সমাধান করা হয়েছে। শিশুদের বয়স উপযোগী পণ্য তৈরি এবং অভিভাবকদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা উন্নত করাই ইউটিউবের মূল লক্ষ্য বলেও জানান তিনি।
তবে আদালতের জুরি বোর্ডের মুখোমুখি হওয়ার আগেই ইউটিউবের এই পদক্ষেপকে নেতিবাচকভাবে দেখছেন কিশোরটির আইনজীবীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো মামলা চলমান
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি-সংক্রান্ত ৩ হাজার ৩০০টিরও বেশি মামলা চলমান রয়েছে। এছাড়া ফেডারেল আদালতে ব্যক্তি, স্কুল, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের পক্ষ থেকে আরও প্রায় ২ হাজার ৬০০টি মামলা বিচারাধীন রয়েছে।
এদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। তাদের দাবি, কিশোর ও তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।
সাইবার অপরাধের নতুন ফাঁদ কালো জাদু
আগের মামলাগুলোতেও জরিমানা ও ক্ষতিপূরণ
এর আগে মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার একটি মামলায় মেটা প্ল্যাটফর্মসকে ৪২ লাখ ডলার এবং গুগলকে ১৮ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর রায় বাতিলের আবেদনও প্রত্যাখ্যান করা হয়। ওই মামলায় এক নারী অভিযোগ করেন, অল্প বয়সে ইউটিউব ও ইনস্টাগ্রামের আকর্ষণীয় ও ব্যবহারকারী-নির্ভর ডিজাইনের কারণে তিনি প্ল্যাটফর্মগুলোর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন।
অন্যদিকে, কেনটাকির একটি স্কুলের করা মামলায় বিচার শুরুর আগেই ইউটিউব, মেটা, স্ন্যাপ এবং টিকটক যৌথভাবে ২ কোটি ৭০ লাখ ডলার দিয়ে সমঝোতায় পৌঁছায়।
মেটার বিরুদ্ধে নতুন বিচার সামনে
শুধু ক্যালিফোর্নিয়া নয়, যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, শিশুদের জন্য প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা নিয়ে প্রতিষ্ঠানগুলো বিভ্রান্তিকর তথ্য দিয়েছে এবং এমন প্রযুক্তি তৈরি করেছে, যা শিশুদের অতিরিক্ত ব্যবহারের দিকে ঠেলে দেয়। এর মধ্যে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি মামলায় মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়। অভিযোগ ছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ওয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিষ্ঠানটি ভুল তথ্য দিয়েছে।
আগামী মাসে টেনেসি অঙ্গরাজ্যের করা আরেকটি মামলায় মেটাকে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া আগস্টে একাধিক অঙ্গরাজ্যের অভিযোগ নিয়ে ফেডারেল আদালতে মেটার বিরুদ্ধে আরও একটি বড় বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা
সূত্র: রয়টার্স













