বেড়েছে মোবাইল ইন্টারনেট গ্রাহক
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বৃদ্ধিতে স্থবিরতা
আইরিন
প্রকাশ: ১৩:৫১, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১৬:৪০, ২৮ জুন ২০২৬
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বৃদ্ধিতে স্থবিরতা
দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি পেলেও পরিবর্তন নেই ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যায়। চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক ২৬ লাখ ৫০ হাজার বাড়লেও অপরিবর্তিত রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা। বর্তমানে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার এবং মোবাইল ইন্টারনেট গ্রাহক ১১ কোটির বেশি।
নীতিগত জটিলতায় থমকে আছে ব্রডব্যান্ড খাত
সরকারের নীতিগত জটিলতায় এ খাতে বাধাগ্রস্ত হচ্ছে নতুন বিনিয়োগ। যার প্রভাবে আশানুরূপ হারে বাড়ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি (ISPAB)। অন্যদিকে, ঢাকার বাইরে সেবার মান উন্নত হলে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মে মাসে বেড়েছে মোবাইল ইন্টারনেট গ্রাহক
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি (BTRC) এর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার। মে মাসে তা বেড়ে দাঁড়ায় ১১ কোটি ৯১ লাখ ২০ হাজারে।
তবে একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এপ্রিল ও মে , উভয় মাসেই ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার। বর্তমানে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ৪০ লাখের বেশি, যার বড় অংশই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।
নতুন বিনিয়োগে আগ্রহ কমছে আইএসপিদের
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি-এর সাবেক সভাপতি ইমদাদুল হক বলেন, কয়েক মাস আগে কিছু গ্রাহক বাড়লেও তা প্রত্যাশার তুলনায় অনেক কম। বর্তমানে আবারও ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা স্থবির হয়ে পড়েছে।
তিনি জানান, বিগত অন্তর্বর্তীকালীন সরকার মোবাইল অপারেটরদের বিভিন্ন সুবিধা দিয়ে নীতিমালা প্রণয়ন করেছিল। বর্তমান সরকার সেই নীতিমালা পুনর্বিবেচনার কথা বলেছে। কিন্তু নীতিগত অনিশ্চয়তার কারণে ব্রডব্যান্ড ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। ফলে গত দুই বছরে এ খাতে প্রত্যাশিত হারে গ্রাহক বাড়েনি।
যন্ত্রপাতির দাম ও সেবার মান নিয়ে উদ্বেগ
ইমদাদুল হক বলেন, দেশের কিছু পাহাড়ি ও চরাঞ্চল এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। এছাড়া অপটিক্যাল ফাইবারভিত্তিক সংযোগ দিতে প্রয়োজনীয় OLT (Optical Line Terminal), ONU (Optical Network Unit) এবং অন্যান্য নেটওয়ার্ক যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়ায় নতুন সংযোগ দিতে অনাগ্রহী হয়ে পড়ছেন অনেক ব্যবসায়ী।
তার দাবি, নিম্নমানের রাউটার আমদানির কারণে অনেক ক্ষেত্রে সেবার মানও ব্যাহত হচ্ছে। এতে ব্রডব্যান্ড ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-র আরও কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করেন তিনি।
ভেনেজুয়েলায় বিনামূল্যে স্টারলিংক সেবা
ঢাকার বাইরে বাড়াতে হবে সেবার মান
ইন্টারনেট ও প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, রাজধানী ঢাকায় ব্রডব্যান্ড সেবার মান তুলনামূলক ভালো হলেও শহরের বাইরে এবং গ্রামাঞ্চলে পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। সেবার মান উন্নত করা গেলে চাহিদা বাড়বে, একই সঙ্গে বাড়বে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যাও।
তিনি আরও বলেন, রাজধানীর ওপর চাপ কমাতে সরকারি সেবাসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার সুযোগ আরও বাড়ানো হলে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহারও বৃদ্ধি পাবে। এছাড়া দেশের বিভিন্ন শহরে ফোরজি (4G) সেবার মান উন্নয়নে রাজধানীর বাইরের এলাকায় মোবাইল অপারেটরদের বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।













