বাজার ধরতে ব্যস্ত বিভিন্ন দেশে
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্টারলিংকের চ্যালেঞ্জ হয়ে উঠছে স্পেসসেইল
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৪০, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১৬:০২, ১৮ জুন ২০২৬
স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের স্পেসসেইল
প্রতিশ্রুতির মাধ্যমে শক্ত অবস্থান স্পেসসেইলের
ইলন মাস্কের বহুল আলোচিত প্রতিষ্ঠান স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে চীনের স্যাটেলাইট প্রতিষ্ঠান স্পেসসেইল। বিভিন্ন দেশে অংশীদারিত্ব তৈরি এবং বিকল্প স্যাটেলাইট ইন্টারনেট সেবার প্রতিশ্রুতির মাধ্যমে ইতিমধ্যে নিজেদের অবস্থান শক্ত করেছে স্পেসসেইল। এমনকি স্টারলিংকের রাজনৈতিকসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়া দেশগুলোতে নিজেদের বাজার ধরতে ব্যস্ত স্পেসসেইল।
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ও দ্রুত সম্প্রসারণ
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্কের স্পেসএক্স এক দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হওয়ার রেকর্ড গড়ার আগেই পহেলা জুন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করে চীনা প্রতিষ্ঠান স্পেসসেইল। এরপর পাঁচ দিনের মধ্যে দুই দফা উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে ২০০টি স্যাটেলাইট স্থাপন করে প্রতিষ্ঠানটি।
যদিও স্টারলিংকের ৭ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে এবং বিশ্বের ১০০টিরও বেশি দেশে এক কোটির বেশি গ্রাহক রয়েছে, তবুও স্পেসসেইল এমন সব বাজারে প্রবেশ করছে যেখানে স্টারলিংক বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছে।
বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার নতুন সমীকরণ
বিশ্লেষকদের মতে, স্টারলিংকের রাজনৈতিক, নিয়ন্ত্রক ও বাণিজ্যিক সমস্যার সম্মুখীন হওয়া দেশগুলোকে নিজেদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য হিসেবে দেখছে স্পেসসেইল।
মালয়েশিয়ায় স্টারলিংকের অংশীদার প্রতিষ্ঠান মিয়াস্যাটের সঙ্গে চুক্তি করেছে স্পেসসেইল। আফ্রিকার বিভিন্ন দেশেও স্টারলিংকের মূল্যবৃদ্ধি এবং সেবার মান নিয়ে অসন্তোষকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান তৈরি করছে প্রতিষ্ঠানটি।
ব্রাজিল থেকে কাজাখস্তান: দ্রুত বাজার দখল
ব্রাজিলে ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X) নিয়ে ইলন মাস্কের সঙ্গে সরকারের বিরোধের পর স্টারলিংকের অবস্থান দুর্বল হয়ে পড়ে। সে সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্রাজিল সফরের পর স্পেসসেইল দেশটির রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এবং ব্যবসা পরিচালনার লাইসেন্সও পায়।
একইভাবে কাজাখস্তানে স্টারলিংকের একটি প্রকল্প স্থগিত হওয়ার পর সেখানে নিজেদের কার্যক্রম শুরু করে স্পেসসেইল।
আন্তর্জাতিক অংশীদারিত্ব ও সম্প্রসারণ পরিকল্পনা
ইউরোপীয় বিমান নির্মাতা এয়ারবাস তাদের ইন-ফ্লাইট ওয়াই-ফাই প্ল্যাটফর্মে স্পেসসেইলের নেটওয়ার্ক যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া থাইল্যান্ডের রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে কোম্পানিটি এবং আরও প্রায় ৩০টি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
দেশের বাজারে বাড়ছে আইফোন বিক্রি
ভবিষ্যৎ লক্ষ্য ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ
স্পেসসেইল ২০২৪ সালে এক বিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে এবং আগামী ২০৩০ সালের মধ্যে ১৫ হাজার স্যাটেলাইটের নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে। তবে বিশেষজ্ঞদের মতে, স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে চীনকে আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, কারণ এখনো স্পেসএক্সের ফ্যালকন ৯-এর মতো সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে স্পেসসেইল।
বৈশ্বিক টেলিকম খাতে নতুন প্রতিযোগিতা
তবে মহাকাশে স্পেসসেইলের স্যাটেলাইট সম্প্রসারণ উন্নয়নশীল দেশগুলোতে বিকল্প ইন্টারনেট সেবা পাওয়ার সুযোগ তৈরি করছে, যা বৈশ্বিক টেলিযোগাযোগ খাতে নতুন প্রতিযোগিতার সূচনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি
সূত্র: রেস্ট অফ ওয়ার্ল্ড













