বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

| ১৭ আষাঢ় ১৪৩৩

সেবার মানে প্রভাবের আশঙ্কা

ধারাবাহিকভাবে বাড়ছে মোবাইল গ্রাহক

আইরিন

প্রকাশ: ১৪:১২, ২ জুলাই ২০২৬

ধারাবাহিকভাবে বাড়ছে মোবাইল গ্রাহক

ধারাবাহিকভাবে বাড়ছে মোবাইল গ্রাহক

দেশে ধারাবাহিকভাবে বাড়ছে মোবাইল গ্রাহক। চলতি বছরের জানুয়ারি থেকে মে এই ৫ মাসে মোবাইল গ্রাহক বেড়েছ ২৮ লাখ। বর্তমানে দেশে মোবাইল গ্রাহক ১৮ কোটি ৮৫ লাখ আর জানুয়ারি মাসে ছিল ১৮ কোটি ৫৮ লাখ। মোবাইল গ্রাহকের এ বৃদ্ধিকে প্রত্যাশার তুলনায় কম বলছেন মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠন এমটব এর মহাসচিব লে কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবঃ)। এদিকে সেবার মানে গ্রাহক বৃদ্ধির প্রভাব পড়ার আশঙ্কায় অপারেটরদেরকে প্রয়োজনীয় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ প্রযুক্তি বিশেষজ্ঞদের। 

দেশে প্রতিমাসেই বাড়ছে মোবাইল গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৫৮ লাখ। কিছুটা বেড়ে ফেব্রুয়ারিতে গ্রাহক সংখ্যা দাঁড়ায় ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার। এরপর মার্চ ও এপ্রিলে ধারাবাহিকভাবে বেড়ে সর্বশেষ মে মাসে মোবাইল গ্রাহক ১৮ কোটি ৮৬ লাখ।

এদিকে, চার মোবাইল অপারেটরের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক গ্রামীণফোনের। বর্তমানে অপারেটরটির গ্রাহক ৮ কোটি ৫৯ লাখ। এরপরই রয়েছে রবি আজিয়াটা। এই অপারেটরের গ্রাহক ৫ কোটি ৮১ লাখ ৮০ হাজার। বাংলালিংকের ৩ কোটি ৭৭ লাখ ১০ হাজার এবং রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহক ৬৮ লাখ ১০ হাজার।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ এমটব এর মহাসচিব লে কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবঃ) বলেন, মোবাইল গ্রাহক বাড়লেও এটি প্রত্যাশার তুলনায় কম। সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতি মোবাইল গ্রাহক বৃদ্ধিকে সরাসরি প্রভাবিত করে। চলতি বছর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে। তবে আগের বছরের অর্থনৈতিক সংকটের প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই গ্রাহক বৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম বলে ধারণা করছেন তিনি।

চলতি বাজেটে সিম কার্ডের উপর আরোপিত ৩০০ টাকা শুল্ক প্রত্যাহার করে বিক্রয়মূল্যের উপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে আগামীতে মোবাইল গ্রাহক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলেও আশাবাদী তিনি।

এদিকে ইন্টারনেট প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, মোবাইল গ্রাহক বৃদ্ধিতে সেবার মানের ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। শহর ও গ্রামাঞ্চলে এখনো অনেক জায়গায় নেটওয়ার্ক উন্নত নয়। তাই সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় টাওয়ার অবকাঠামো নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত তরঙ্গ বরাদ্দ ও ফাইবার বেসড কানেক্টিভিটি বৃদ্ধিতে অপারেটরগুলোর বিনিয়োগ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন