মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

| ১৭ কার্তিক ১৪৩৩

আলোচনায় ‘ওয়ান আইডি–ওয়ান ওয়ালেট’ উদ্যোগ

সাইবার নিরাপত্তা ও এআইতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-সুইডেন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৮:২৮, ২ নভেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তা ও এআইতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-সুইডেন

সাইবার নিরাপত্তা ও এআইতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-সুইডেন

ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) প্রযুক্তির বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে সুইডেন। এ ছাড়া ডিজিটাল জনপরিকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ডিজিটাল জনপরিকাঠামো, নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা, অনলাইন আর্থিক লেনদেনের নিরাপত্তা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় সরকারের ‘ওয়ান আইডি–ওয়ান ওয়ালেট’ উদ্যোগ।

বৈঠকে মন্ত্রী বলেন, ডিজিটাল সেবা ও অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষজ্ঞ, গণমাধ্যম, প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে ফকির মাহবুব আনাম বলেন, আইন প্রণয়নের উদ্দেশ্য মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়। বরং অনলাইন হয়রানি, অপপ্রচার, ক্ষতিকর কনটেন্ট এবং প্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা। আইন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান রাখা হবে বলেও জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও বৈঠকে মতবিনিময় হয়। এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন, তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রযুক্তির নৈতিক ব্যবহার বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। বিশেষ করে তরুণ ও নতুন স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশের ডিজিটাল জনপরিকাঠামো উন্নয়ন ও সাইবার নিরাপত্তা জোরদারে সুইডেনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো, টেলিযোগাযোগ, সাইবার নিরাপত্তা ও উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে পূর্বানুমেয় নিয়ন্ত্রক পরিবেশ, সমান প্রতিযোগিতার সুযোগ এবং বহুমুখী প্রযুক্তি অংশীদারত্বের ওপর গুরুত্ব দেন তিনি।

শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকদের ভূমিকা এবং ডিজিটাল শিক্ষার বিষয়েও আলোচনা হয়। অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা।

সাক্ষাৎকালে সুইডেন দূতাবাসের প্রথম সচিব ওলি লুন্ডিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডিজিটাল প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

সূত্র: বাসস

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন