৮০০০ এমএএইচ ব্যাটারিতে জোর
ভিভো ওয়াই৩২: বড় ব্যাটারি ও নতুন ডিজাইনে আসছে বাংলাদেশে
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১২:৪৭, ৪ অক্টোবর ২০২৬
ভিভো ওয়াই৩২: বড় ব্যাটারি ও নতুন ডিজাইনে আসছে বাংলাদেশে
স্মার্টফোনের ওপর দৈনন্দিন নির্ভরতা বাড়ার সঙ্গে দীর্ঘ সময় ব্যাটারি ব্যবহারের প্রয়োজনও বাড়ছে। গ্রাহকের সঙ্গে যোগাযোগ, অর্ডারের খোঁজ নেওয়া, কাজের হালনাগাদ, পথনির্দেশনা কিংবা বিনোদন দিনের নানা কাজে ফোন সচল রাখা এখন গুরুত্বপূর্ণ। এ বিষয়টি সামনে রেখে ‘পাওয়ার লং, গ্রো অন’ ধারণায় নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২ বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে ভিভো।
ভিভো ওয়াই৩২-এর প্রধান আকর্ষণ ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, দিনের বেশিরভাগ সময় বাইরে থাকা ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের কথা মাথায় রেখে ফোনটি তৈরি করা হয়েছে। বড় সক্ষমতার এই ব্যাটারি ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন কমাতে সহায়তা করবে। যোগাযোগ, গ্রাহকদের সঙ্গে কাজের সমন্বয়, পথনির্দেশনা ব্যবহার কিংবা যাতায়াতের সময় ভিডিও দেখার মতো কাজেও এটি দীর্ঘ সময় ফোন সচল রাখতে পারে।
ভিভোর অফিসিয়াল তথ্য অনুযায়ী, ওয়াই৩২-এ ৮,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৪W ফ্ল্যাশচার্জ থাকছে। প্রতিষ্ঠানটির পরীক্ষার ফল অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ফোনটি ৩৬ ঘণ্টার বেশি ভিডিও প্রদর্শন, ৫৭ ঘণ্টার বেশি স্পটিফাই ব্যবহার, ১৪ ঘণ্টা গুগল ম্যাপস ব্যবহার করে পথনির্দেশনা এবং ৫৯ ঘণ্টা ৪জি কলিং সুবিধা দিতে পারে। তবে বাস্তবে ব্যাটারির স্থায়িত্ব ব্যবহার, নেটওয়ার্ক, ফোনের বিভিন্ন সেটিংস ও পরিবেশের ওপর নির্ভর করবে।
ব্যাটারির স্থায়িত্বের ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছে ভিভো। প্রতিষ্ঠানটির দাবি, ওয়াই৩২-এর ব্যাটারি ১,৫০০টি পূর্ণ চার্জ চক্রের পরও ৮০ শতাংশ বা তার বেশি ব্যাটারির স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম। ভিভোর হিসাবে, এটি প্রায় ছয় বছরের ব্যবহারের সমতুল্য। একই সঙ্গে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সরাসরি সূর্যের আলোতেও ফোনটি স্থিতিশীলভাবে কাজ করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নকশাতেও থাকছে নতুনত্ব। ওয়াই৩২-এ টুইলাইট রেড ও সানসেট অরেঞ্জ রঙের বিকল্প রয়েছে। এর সঙ্গে রয়েছে প্রিমিয়াম ধাতব ক্যামেরা মডিউল ও ডাইনামিক লাইট। বিভিন্ন কোণ থেকে আলো প্রতিফলনের মাধ্যমে ফোনটির পেছনের অংশে আলাদা দৃশ্যমান প্রভাব তৈরি হবে।
ফোনটির অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ৬.৮৭ ইঞ্চি এইচডি+ ১২০ হার্টজ ডিসপ্লে, সর্বোচ্চ ১,৩০০ নিটস উজ্জ্বলতা, ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ডুয়াল স্টেরিও স্পিকার। স্পিকারে সর্বোচ্চ ৪০০ শতাংশ পর্যন্ত শব্দের মাত্রা বাড়ানোর সুবিধাও রয়েছে। এ ছাড়া ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধী রেটিং রয়েছে। ফোনটি এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে ভিভো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব শিগগিরই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফোনটির উন্মোচন করা হবে। তবে ৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ফোনটির নির্দিষ্ট মূল্য ও বিক্রির তারিখ ঘোষণা করা হয়নি।













