দুর্গম অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ
টেলিটকের ৭০০ মেগাহার্টজ তরঙ্গ সংগ্রহের কার্যক্রম শুরু
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২০:৫১, ২৬ অক্টোবর ২০২৬
টেলিটকের ৭০০ মেগাহার্টজ তরঙ্গ সংগ্রহের কার্যক্রম শুরু
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার ২৬ অক্টোবর রাজধানীর আবদুল গনি রোডে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের (ZTE Corporation Bangladesh Limited) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. মাও জুনইয়ং (Mr. Mao Junyong), চিফ মার্কেটিং অফিসার মি. জিয়াং শিয়াও (Mr. Jiang Xiao), অ্যাকাউন্ট ডিরেক্টর মি. মোহাম্মদ জাহেদ আলী (Mr. Mohammad Zahed Ali) এবং প্রজেক্ট ডিরেক্টর মি. ঝু শিউবিন (Mr. Zhu Xiubin) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বা স্পেকট্রাম সংগ্রহ টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে দেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের আওতা সম্প্রসারণ, শহরাঞ্চলের ভবনের অভ্যন্তরে নেটওয়ার্ক সংযোগের মান উন্নয়ন এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত টেলিযোগাযোগ সেবা প্রদানের নতুন সম্ভাবনা তৈরি হবে।
তুলনামূলকভাবে কম ফ্রিকোয়েন্সির হওয়ায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের রেডিও সিগন্যাল অধিক দূরত্বে পৌঁছাতে এবং ভবনের অভ্যন্তরে নেটওয়ার্ক সংযোগ উন্নত করতে সহায়ক। ফলে এ উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নির্ভরযোগ্য মোবাইল সংযোগ ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের এ উদ্যোগ প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।













