বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

| ২৮ আশ্বিন ১৪৩৩

গ্রামাঞ্চলে ব্যবহার বাড়ানোর লক্ষ্য

ছয় হাজার টাকায় ফিচার স্মার্টফোন, উৎপাদন হচ্ছে দেশেই

আইরিন

প্রকাশ: ১৬:৩৮, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৪৯, ১৪ অক্টোবর ২০২৬

ছয় হাজার টাকায় ফিচার স্মার্টফোন, উৎপাদন হচ্ছে দেশেই

ছয় হাজার টাকায় ফিচার স্মার্টফোন, উৎপাদন হচ্ছে দেশেই

বর্তমানে দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস হয়ে উঠেছে স্মার্টফোন। যোগাযোগ ও শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে ব্যবসা পরিচালনার কাজেও এটি ব্যবহৃত হচ্ছে। তবে দাম বেশি হওয়ায় নিম্ন আয়ের অনেক মানুষ স্মার্টফোন ব্যবহার করতে পারছেন না।

রাজধানী ঢাকায় বেশ কয়েক বছর ধরে চা বিক্রি করছেন মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি টেকস্ক্রলকে জানান, তাঁর পরিবার গ্রামে থাকলেও সংসার চালাতে তাঁকে ঢাকায় থাকতে হয়। ভিডিও কলের মাধ্যমে সন্তানদের দেখার আগ্রহ থাকলেও ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে স্মার্টফোন কেনা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই অবসরে সাধারণ ফিচার ফোনের মাধ্যমে সন্তানদের সঙ্গে কথা বলে সময় কাটান তিনি।

সিএনজিচালিত অটোরিকশাচালক কামাল হোসেন বলেন, স্মার্টফোনের অনেক সুবিধা রয়েছে। যাত্রী কম থাকলে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করতে স্মার্টফোন প্রয়োজন হয়। তবে বর্তমানে স্মার্টফোন কেনার বাড়তি ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব নয়।

দেশে পাঁচ হাজার টাকার মধ্যে স্মার্টফোন পাওয়া গেলে কামাল হোসেনের মতো অটোরিকশাচালক মোহাম্মদ নাছিরের জন্যও স্মার্টফোন কেনা সহজ হতো বলে জানান তাঁরা।

এবার সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ব্যবহারের সুযোগ তৈরি এবং ফোরজি সেবা নিশ্চিত করতে ফিচার স্মার্টফোন উৎপাদন শুরু করেছে দেশীয় মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিম্ফনি। ইতিমধ্যে এসব ডিভাইস বিক্রির জন্য বাজারেও আনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ।

তিনি টেকস্ক্রলকে জানান, ডিভাইসটি পুরোপুরি স্মার্টফোন নয়, আবার পুরোপুরি ফিচার ফোনও নয়। এতে প্রচলিত অর্থে কোনো অপারেটিং সিস্টেম নেই। তবে ক্লাউডের মাধ্যমে ফেসবুক, টিকটক ও ইমোর মতো কয়েকটি অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে। এতে ভিডিও কল করার সুবিধাও রয়েছে। একই সঙ্গে থাকছে ফিচার ফোনের বিভিন্ন সুবিধা। বর্তমানে ডিভাইসটির দাম ৫ হাজার ৯৯৯ টাকা। তবে ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলে জানান তিনি।

জাকারিয়া শাহিদ বলেন, প্রায় ২০ দিন আগে ডিভাইসটির বিক্রি শুরু হয়েছে। তবে মোবাইল অপারেটরদের সহযোগিতার অভাবে ক্রেতাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না।

ডিভাইসটিতে পাঁচ জিবির বেশি দীর্ঘমেয়াদি ইন্টারনেট সুবিধা যুক্ত করার পাশাপাশি গ্রামাঞ্চলে এর ব্যবহার বাড়াতে মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সঙ্গে আলোচনা চলছে। এ জন্য আরও সময় প্রয়োজন বলে জানান তিনি।

মোবাইল ফোন উৎপাদনের জন্য ব্যাটারি, ডিসপ্লে ও মেমোরি চিপসহ বেশ কিছু কাঁচামাল চীন ও তাইওয়ান থেকে আমদানি করতে হয়। তবে আন্তর্জাতিক বাজারে এসব কাঁচামালের দাম বাড়ায় ১০ হাজার টাকার কম দামে স্মার্টফোন উৎপাদন করা সম্ভব নয় বলে জানান জাকারিয়া শাহিদ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। এর মধ্যে শহরের ৮৯ শতাংশ পরিবারে অন্তত একটি স্মার্টফোন রয়েছে। আর গ্রামের ৬৯ শতাংশ পরিবারে একটি স্মার্টফোন রয়েছে। আর বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের শতভাগ জনসংখ্যা ফোরজি নেটওয়ার্কের আওতায় থাকলেও হ্যান্ডসেটের উচ্চমূল্যের কারণে ইন্টারনেট ব্যবহারকারী ৫৩ শতাংশ।

 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন