বিএমডাব্লিউ উৎপাদনে রোবট
বিএমডাব্লিউ গাড়ি উৎপাদনে মানব আকৃতির রোবট
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২১:৩৯, ৩১ মে ২০২৬ | আপডেট: ২১:৫২, ৩১ মে ২০২৬
বিএমডাব্লিউ গাড়ি উৎপাদনে মানব আকৃতির রোবট
ইউরোপে নতুন যুগের সূচনা
গাড়ি উৎপাদনে এই প্রথম মানবাকৃতির রোবট ব্যবহার করতে যাচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। পুরো ইউরোপে রোবটের মাধ্যমে গাড়ি উৎপাদনের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। হেক্সাগন রোবোটিকসের তৈরি দুটি মানবাকৃতির রোবট শিগগিরই উৎপাদন কার্যক্রমে অংশ নেবে। এরই মধ্যে পরীক্ষামূলক কাজের জন্য রোবট দুটিকে কারখানায় পাঠানো হয়েছে।
বিএমডব্লিউর প্রসেস ম্যানেজমেন্ট ও ডিজিটালাইজেশন বিভাগের প্রধান মাইকেল নিকোলাইডেস জানান, মানবাকৃতির রোবটকে প্রায় যেকোনো কর্মপরিবেশে ব্যবহার করা সম্ভব। কারণ আকার ও সক্ষমতার দিক থেকে এসব রোবট মানুষের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ফলে যেখানে মানুষ কাজ করছে, সেখানে রোবটও সহজে কাজ করতে পারবে।
এয়ন রোবটের উচ্চতা, ওজন ও বহনক্ষমতা
গাড়ি উৎপাদনে ব্যবহৃত ‘এয়ন’ (AEON) নামের রোবটটির উচ্চতা ১.৬৫ মিটার বা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন ৬০ কেজি। রোবটটি ঘণ্টায় সর্বোচ্চ ২.৪ মিটার গতিতে চলতে পারে। স্বল্প সময়ের জন্য ১৫ কেজি এবং দীর্ঘ সময় ধরে ৮ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম এটি।

২১টি সেন্সর দিয়ে পরিবেশ বুঝে কাজ করে রোবট
এয়নের শরীরে রয়েছে ২১টি সেন্সর। এর মধ্যে ক্যামেরা, রাডার, মাইক্রোফোন এবং বিভিন্ন ধরনের বল (Force) ও টর্ক (Torque) সেন্সর রয়েছে। এসব সেন্সর রোবটটিকে বিভিন্ন বস্তু শনাক্ত, ধরতে এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

বিশেষ প্রযুক্তিতে দেওয়া হয়েছে প্রশিক্ষণ
বিএমডব্লিউর কারখানায় রোবটগুলোকে দুটি ভিন্ন প্রযুক্তির সমন্বয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম পদ্ধতিতে রোবটকে বিভিন্ন কাজ বারবার করিয়ে সম্ভাব্য সর্বোত্তম সমাধান খুঁজে বের করার সক্ষমতা তৈরি করা হয়। অন্যদিকে, যন্ত্রাংশ কীভাবে তোলা, বহন করা বা নির্দিষ্ট স্থানে স্থাপন করতে হবে, তা শেখাতে ব্যবহার করা হয়েছে টেলি-অপারেশন প্রযুক্তি। এর মাধ্যমে রোবট বিভিন্ন কৌশলে একই কাজ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে।

একবার চার্জে এয়ন প্রায় তিন ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে, যেখানে একটি সাধারণ কর্মশিফটের দৈর্ঘ্য আট ঘণ্টা। তবে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে রোবটটিকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি পরিবর্তনের সক্ষমতা দেওয়া হয়েছে। চার্জিং স্টেশনে যাওয়া, ব্যাটারি পরিবর্তন এবং পুনরায় কাজে ফেরাসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে মাত্র তিন মিনিটে।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের পেইড সংস্করণ আনছে মেটা
কারখানায় কী কাজ করবে এয়ন?
বিএমডব্লিউর কারখানায় রোবটগুলোর প্রধান দায়িত্ব হবে উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করা এবং ব্যাটারি সংযোজন প্রক্রিয়ায় সহায়তা করা। যদিও রোবটগুলো বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম, তবুও মানবকর্মীদের মতো তাদেরও নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে।
কর্মসংস্থানের জন্য হুমকি নাকি সুযোগ?
মাইকেল নিকোলাইডেস বলেন, রোবটগুলোকে এমন কাজে নিয়োজিত করা হবে, যেগুলো মানুষের জন্য একঘেয়ে, কষ্টসাধ্য কিংবা শারীরিকভাবে চ্যালেঞ্জিং। তার মতে, আগামী কয়েক বছরের মধ্যে দক্ষ কর্মীর ঘাটতি আরও বাড়বে। মানবাকৃতির রোবট সেই সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোবট ব্যবহারের ফলে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭০ এর দশকে গাড়ি উৎপাদনে স্বয়ংক্রিয় প্রযুক্তি চালুর সময়ও একই ধরনের আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু বাস্তবে নতুন প্রযুক্তির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছিল। মানবাকৃতির রোবটের ক্ষেত্রেও একই ধরনের ইতিবাচক সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।
রোবটের দাম কমায় বাড়ছে ব্যবহার
বিশেষজ্ঞদের মতে, রোবটের দাম আগের তুলনায় কমে আসায় উৎপাদন খাতে রোবট ব্যবহারে আগ্রহ বাড়ছে। আগে একটি শিল্প রোবট স্থাপনে প্রায় ১ কোটি ৭০ লাখ ডলার পর্যন্ত ব্যয় হতো। পাশাপাশি কারখানাকেও রোবট উপযোগী করে সাজাতে হতো। বর্তমানে উন্নত প্রশিক্ষণ প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান পরিবেশেই রোবটকে কাজের উপযোগী করে তোলা সম্ভব হচ্ছে, যা ব্যবসার জন্য তুলনামূলকভাবে বেশি লাভজনক।
টয়োটা ও শাওমিও হাঁটছে একই পথে
শুধু বিএমডব্লিউ নয়, বিশ্বের অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও মানবাকৃতির রোবট ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। জাপানের টয়োটা অ্যাজিলিটি রোবোটিকসের ‘ডিজিট’ নামের মানবাকৃতির রোবট ব্যবহারের পরিকল্পনা করছে। অন্যদিকে চীনের শাওমি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে নিজেদের তৈরি দুটি মানবাকৃতির রোবটের পরীক্ষামূলক ব্যবহার ইতোমধ্যে শুরু করেছে।
ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা
সূত্র: বিবিসি













