আনতে যাচ্ছে নতুন টুল
ব্যবহারকারীর চেহারার ডিপফেক ভিডিও ঠেকাবে ইউটিউব
টেক স্ক্রল
প্রকাশ: ০৯:১২, ১৯ মে ২০২৬
ডিপফেক ভিডিও ঠেকাতে ইউটিউবের উদ্যোগ
এআই প্রযুক্তি জনপ্রিয় হচ্ছে একথা বললে বাড়িয়ে বলা হবে না মোটেই। তবে এর সঙ্গে বাড়ছে অপব্যবহারও। যেমন ডিপফেক ভিডিও কিংবা ছবি থেকে রেহাই মিলছে না। এতোদিন, তারকা ব্যক্তিরা এর শিকার হলেও, এখন সাধারণ মানুষের চেহারা ব্যবহার করে ডিপফেক ভিডিও-ছবি বানানো হচ্ছে অহরহ। এতে সামাজিক অবক্ষয় আর নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ইউটিউবের মতো জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে এটি চরম উদ্বেগ তৈরি করছে।
স্মার্ট চশমায় ফেস রিকগনিশন পুরোপুরি বাতিল চায় মানবাধিকার সংগঠন
তাই ব্যবহারকারীদের বাঁচাতে উদ্যোগ নিচ্ছে ইউটিউব। প্ল্যাটফর্মে ভুয়া ভিডিও ঠেকাতে ডিপফেক শনাক্তকরণ সুবিধা চালু করছে তারা। এর ফলে শুধু তারকারাই নন, সাধারণ ব্যবহারকারীও নিজের মুখের আদল ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও শনাক্ত করতে পারবেন। পরে সে ভিডিও মুছে ফেলতে আবেদন করতে পারবেন তিনি।
ডিপফেক শনাক্তকরণ সুবিধা, ইউটিউবের কনটেন্ট আইডি প্রযুক্তির মতো কাজ করবে। কনটেন্ট আইডি, গান, ভিডিও বা চলচ্চিত্রের কপিরাইট করা অংশ অটোমেটিক শনাক্ত করতে পারে। ডিপফেক শনাক্তকরণ সুবিধায়, মুখাবয়ব বিশ্লেষণের প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।
এ সুবিধা চালু করতে ব্যবহারকারীকে প্রথমে, সেলফির মতো করে মুখের ছোট ভিডিও জমা দিতে হবে। এ ভিডিওর মাধ্যমে ইউটিউব মুখাবয়ব শনাক্ত করবে। পরে প্ল্যাটফর্মে নতুন ভিডিও আপলোড হলেই, যাচাই করে দেখবে এআই সিস্টেম। কোনো ভিডিওতে ব্যবহারকারীর মুখের আদল শনাক্ত হলে বার্তা পাঠানো হবে তার কাছে। ভিডিওটি যাচাই করে তা মুছে ফেলতে আবেদন করতে পারবেন ব্যবহারকারী। তবে এক্ষেত্রে আসল ভিডিও ডিপফেক হিসেবে শনাক্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে প্রযুক্তি বিশ্লেষকরা।
সূত্র: দ্যা ভার্জ













