বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

| ৪ আষাঢ় ১৪৩৩

বিপিও সামিট ২০২৬

তরুণদের বৈশ্বিক প্রযুক্তি দক্ষতার সুযোগ

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৭:৫২, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২৩:৪৮, ১৭ জুন ২০২৬

তরুণদের বৈশ্বিক প্রযুক্তি দক্ষতার সুযোগ

তরুণদের বৈশ্বিক প্রযুক্তি দক্ষতার সুযোগ

বিপিও সামিটের আকর্ষণ কর্মসংস্থান তৈরি

দেশের তরুণদের জাতীয় ও আন্তজার্তিক ফ্রিল্যান্সার ও আউটসোর্সারসহ প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের সাথে সংযোগ তৈরি করতে শুরু হতে যাচ্ছে বিপিও সামিট ২০২৬। কর্মসংস্থান তৈরিতে এবারের সামিটের অন্যতম আর্কষণ ক্যারিয়ার এক্সপো বলে টেকস্ক্রল ডটকমকে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্কো।

সংগঠনের নির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীমের উদ্ধৃতি দিয়ে এক কর্মকর্তা টেকস্ক্রল ডটকমকে জানান, সামিটে শিল্প ও প্রযুক্তিসহ প্রায় ৫০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে চাকরি প্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন। একই সাথে নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ খুঁজে নিতে পারবেন।

এছাড়াও সামিটে তরুণদের প্রযুক্তি জ্ঞান ও উদ্ভাবনী চিন্তা বাড়াতে আয়োজন করা হবে বিপিও অলিম্পিয়াড। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।

তিনি আরো জানান, বিপিও খাতের উন্নয়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি শক্তিশালী বৈশ্বিক আউটসোর্সিং হাব হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে। এই খাত থেকে ৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয় ও প্রায় ৩ লাখ টেকসই কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে।

আগামী ২০ জুন একদিনের এই সামিট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে। বাক্কো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে বিপিও সামিট। সামিট কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আউটসোর্সিং, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা , অটোমেশন এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশপাশি তরুণদের  বৈশ্বিক প্রযুক্তি বাজারে প্রতিযোগিতায় দক্ষতা অর্জনেও উৎসাহিত করা হবে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই সম্মেলন অনুষ্ঠিত হলেও এই প্রথম চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে বিপিও সামিট। এবার মূলত চট্টগ্রামের তরুণ প্রজন্মকে প্রযুক্তি খাত, আউটসোর্সিং এবং বৈশ্বিক চাকরির বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই শহরকে বেছে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, বাক্কো নির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম এবং বাক্কো নির্বাহী কমিটির মহাসচিব ফয়সাল আলিম।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন