এনভিডিয়া প্রধানের মন্তব্য
বিশ্বের প্রতিটি কোম্পানিকে গ্রাস করবে এআই
টেক স্ক্রল
প্রকাশ: ১৫:৪৮, ১৭ অক্টোবর ২০২৬
এআই ভবিষ্যতে কোনো নির্দিষ্ট প্রযুক্তি খাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিটি প্রতিষ্ঠান ও শিল্পখাতের কার্যক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই মন্তব্য করেছেন শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং।
সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে হুয়াং বলেন, ভবিষ্যতে প্রতিটি প্রতিষ্ঠানই কোনো না কোনোভাবে এআই-নির্ভর প্রতিষ্ঠানে পরিণত হবে এবং প্রতিটি শিল্পখাতই এআইয়ের প্রভাবের মুখোমুখি হবে।
ইউরোপ সফরের অংশ হিসেবে স্টকহোমে যান হুয়াং। ইউরোপকে এআই খাতে আরও দ্রুত বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, শুধু এআই সফটওয়্যার বা চ্যাটবট তৈরি করলেই হবে না, ডেটা সেন্টার, কম্পিউটিং অবকাঠামো, ক্লাউড সেবা থেকে শুরু করে ব্যবহারকারীর জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশনও তৈরি করতে হবে। অর্থাৎ এআই প্রযুক্তির পুরো অবকাঠামোই গড়ে তুলতে হবে ইউরোপকে।
ইউরোপে ৮০০ কোটি ডলার বিনিয়োগ এনভিডিয়ার
হুয়াং জানান, গত এক বছরে ইউরোপের এআই ইকোসিস্টেমে প্রায় ৮০০ কোটি ডলার বিনিয়োগ করেছে এনভিডিয়া। ভবিষ্যতে আরও কয়েকশ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।
ইউরোপের এআই অবকাঠামো শক্তিশালী করতে বিভিন্ন প্রতিষ্ঠানে কৌশলগত বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি ব্রিটিশ ডেটা সেন্টার ও এআই ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান এনস্কেল এবং নেদারল্যান্ডসের ক্লাউড সেবাদাতা নেবিআসের উদাহরণ টানেন। হুয়াং বলেন, এসব বিনিয়োগের লক্ষ্য শুধু নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন নয় বরং ইউরোপজুড়ে একটি শক্তিশালী এআই ইকোসিস্টেম গড়ে তোলা।
সুইডেনে নতুন সুপারকম্পিউটার
স্টকহোম সফরের সময় একটি নতুন সুপারকম্পিউটার চালুর অনুষ্ঠানেও অংশ নেন হুয়াং। এনভিডিয়ার চিপ ব্যবহার করা এই সুপারকম্পিউটারের লক্ষ্য হলো সুইডেনের সংবেদনশীল তথ্য ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের মধ্যেই রেখে উচ্চক্ষমতার কম্পিউটিং সুবিধা তৈরি করা।
এদিকে হুয়াংয়ের সুইডেন সফরের সময় গাড়ি নির্মাতা ভলভো, এনভিডিয়ার সঙ্গে তাদের অংশীদারত্ব আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। চালকবিহীন গাড়ির নিরাপত্তা প্রযুক্তি উন্নয়নে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার এই কার্যক্রম দেখিয়ে দিচ্ছে যে এআইয়ের প্রতিযোগিতা এখন শুধু উন্নত সফটওয়্যার বা চ্যাটবট তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। উন্নত চিপ, ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং, সুপারকম্পিউটার এবং শিল্পভিত্তিক এআই ব্যবস্থাপনা, সবকিছু মিলিয়েই ভবিষ্যতের এআই অর্থনীতি গড়ে উঠছে।













