মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

| ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

এআই উন্নয়নে গবেষকদের আশঙ্কা

এআই নিয়ে উদ্বেগকে অতিরঞ্জিত বললেন ট্রাম্প

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এআই নিয়ে উদ্বেগকে অতিরঞ্জিত বললেন ট্রাম্প

এআই নিয়ে উদ্বেগকে অতিরঞ্জিত বললেন ট্রাম্প

এআই নিয়ে বিশ্বজুড়ে যখন প্রযুক্তির সম্ভাবনার পাশাপাশি মানবজাতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও বাড়ছে, তখন সেই আশঙ্কাকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এআই নিয়ে ভয় ও নেতিবাচক পরিস্থিতির কথা সামনে আনছে কিছু নেতিবাচক মহল। একই সঙ্গে এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের ডুনবেগে নিজের গলফ কোর্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। এআই খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং প্রযুক্তিটির ওপর আরও নিয়ন্ত্রণ বা গতি কমানো উচিত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এআইয়ে চীনের চেয়ে এগিয়ে আছে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উন্নত দেশ এবং তিনি এই অবস্থান ধরে রাখতে চান। কারণ, যে এআইয়ে প্রভাব বিস্তারে জয়লাভকারীরাই আগামীতে জয়ী হবেন বলে মনে করেন তিনি।

ট্রাম্প বলেন, এআইয়ের ওপর কিছু সীমা আরোপ করা যেতে পারে। তবে তাঁর মতে, কিছু নেতিবাচক শক্তি মহল এমন সব আশঙ্কার কথা সামনে আনছে, যেগুলো বাস্তবে ঘটবে না।

এআই নিয়ে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে উদ্বেগ ও বিতর্ক আরও বেড়েছে। অ্যানথ্রপিকের দুই গবেষক সতর্ক করে বলেছেন, দ্রুত অগ্রসর হতে থাকা এআই প্রযুক্তি ভবিষ্যতে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে।

তবে ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে এআই কোম্পানিগুলোর প্রতি বড় ধরনের সমর্থন দেখিয়েছেন। এসব কোম্পানির শীর্ষ নির্বাহীরাও ট্রাম্পের বিভিন্ন উদ্যোগে সমর্থন দিয়ে আসছেন।

আগামী  নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ হবে। এর আগে এআই খাতের নির্বাহীরা নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করছেন। স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের আমেরিকা প্যাক ইতোমধ্যে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে কয়েক মিলিয়ন ডলার খরচ করেছে এবং শীতের সময় ভোটার উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টায় বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পেন্টাগন এ বছর অ্যানথ্রপিকের একটি এআই মডেলের ঝুঁকি নিয়েও সতর্ক করেছে। গবেষকদের সতর্কবার্তার পর কয়েকজন এআই কোম্পানির প্রধান প্রযুক্তিটির উন্নয়ন ধীর করার পক্ষে মত দিয়েছেন।

শনিবার অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণ এবং ঝুঁকি মোকাবিলার সময় বাড়াতে তিন ধাপের একটি কাঠামো প্রস্তাব করেন। ইলন মাস্ক ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানসহ কয়েকটি বড় এআই কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এতে সমর্থন জানিয়েছেন।

আমোদেই বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের এআই কোম্পানিগুলোর প্রতিযোগিতা এআই উন্নয়নের সীমা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে অ্যানথ্রপিকের পদত্যাগী গবেষক জ্যাকব কক্সন এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, তা না হলে চীনের সঙ্গে একই ধরনের প্রতিযোগিতায় নামতে হবে, যা সমানভাবে বিপজ্জনক হতে পারে।

 

সূত্র: রয়টার্স

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন