বুধবার, ২১ অক্টোবর ২০২৬

| ৪ কার্তিক ১৪৩৩

কোম্পানি বড় হলে শেয়ারও বাড়বে

চাকরির বাজারে এআই সৃষ্ট অস্থিরতা ঠেকাতে অ্যানথ্রপিকের ৫ শতাংশ শেয়ারের বিশেষ ফান্ড

টেক স্ক্রল

প্রকাশ: ১১:৩৪, ২০ অক্টোবর ২০২৬

চাকরির বাজারে এআই সৃষ্ট অস্থিরতা ঠেকাতে অ্যানথ্রপিকের ৫ শতাংশ শেয়ারের বিশেষ ফান্ড

এআইয়ের দ্রুত অগ্রগতিতে ভবিষ্যতে চাকরির বাজার ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে-এমন আশঙ্কায় নতুন উদ্যোগ নিলো অ্যানথ্রপিক। সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় প্রতিষ্ঠানটি অ্যানথ্রপিক পাবলিক বেনিফিট ফান্ড গঠন করছে। এই তহবিলে শুরুতেই নিজেদের ৫ শতাংশ শেয়ার দেয়ার ঘোষণা দিয়েছে অ্যানথ্রপিক। তবে কোম্পানির মূল্যায়ন বাড়ার সঙ্গে সঙ্গে ফান্ডে শেয়ারের পরিমাণও বাড়তে পারে।

অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন ফান্ডটি এমন প্রকল্প ও উদ্যোগে অর্থায়ন করবে, যেগুলো এআইয়ের কারণে সৃষ্ট বা সম্ভাব্য সামাজিক সমস্যার সমাধানে কাজ করবে। বিশেষ করে কর্মসংস্থান, শ্রমবাজারের পরিবর্তন এবং বৃহত্তর জনকল্যাণের বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হবে।

 এক এআই মডেলেই ট্রিলিয়ন ভ্যারিয়েন্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্টে সাইবার হামলার শঙ্কা

মূল্য বাড়লে বাড়বে শেয়ারের অংশ

প্রাথমিকভাবে কোম্পানিটির ৫ শতাংশ শেয়ার ফান্ডে দেয়ার পরিকল্পনা বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। এরপর নির্দিষ্ট একটি ভিত্তিমূল্যের ওপর কোম্পানির মূল্যায়ন প্রতি ৫০ শতাংশ বাড়লে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ফান্ডে আরও ২ শতাংশ শেয়ার যোগ করা হতে পারে। অ্যানথ্রপিকের দাবি, এই কাঠামোর ফলে কোম্পানি যত বড় হবে, জনকল্যাণে ব্যবহারের জন্য নির্ধারিত সম্পদের পরিমাণও তত বাড়বে।

চাকরির বাজার নিয়ে উদ্বেগ

এআই প্রযুক্তির দ্রুত বিকাশে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কাজের ধরন পরিবর্তিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে এআই মানুষের করা কাজের বিকল্প হয়ে উঠতে পারে, আবার অনেক পেশায় নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হতে পারে।

এআইয়ের কারণে শ্রমবাজারে সম্ভাব্য অস্থিরতা নিয়ে গবেষণা ও প্রস্তুতির জন্য ২০০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিল অ্যানথ্রপিক। নতুন ফান্ডকে সেই উদ্যোগের আরও বড় পরিসরের সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির নতুন উদ্যোগ শুধু চাকরির বাজারেই সীমাবদ্ধ থাকবে না। অলাভজনক প্রতিষ্ঠানকে অনুদান দেয়া এবং এআইয়ের বৃহত্তর সামাজিক প্রভাব মোকাবিলায় বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে অর্থ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

 হ্যাকারদের নতুন চাল নিয়ে সতর্ক রাজা চার্লস

রাজনৈতিক কাজে ব্যবহার নয়

অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন ফান্ডে থাকা শেয়ার যুক্তরাষ্ট্র বা অন্য কোথাও রাজনৈতিক অনুদান কিংবা লবিংয়ের কাজে ব্যবহার করা হবে না। নতুন এ উদ্যোগের সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। অ্যানথ্রপিক বর্তমানে সম্ভাব্য শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির মূল্যায়ন ভবিষ্যতে ১.৫ ট্রিলিয়ন ডলার বা তারও বেশি হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে আলোচনা চলছে।

এমন সময়ে নিজেদের মালিকানার একটি অংশ জনকল্যাণমূলক কাজে বরাদ্দ করার ঘোষণা এআইয়ের ভবিষ্যৎ নিয়ে কোম্পানিটির অবস্থানকেও সামনে এনেছে।

এআইয়ের লাভের অংশ সমাজে ফেরানোর চেষ্টা

অ্যানথ্রপিকের এমন উদ্যোগের মূল ধারণা হলো-এআই থেকে যদি বিপুল অর্থনৈতিক সুবিধা তৈরি হয়, তাহলে সেই প্রযুক্তির কারণে যেসব সামাজিক ক্ষতি হতে পারে, তা মোকাবিলায় সেই সম্পদের একটি অংশ ব্যবহার করা।

তবে উদ্যোগটি নিয়ে প্রশ্নও উঠছে। এত বড় একটি ফান্ড কীভাবে পরিচালিত হবে, কোন প্রতিষ্ঠান বা প্রকল্প অর্থ পাবে এবং অর্থ ব্যবহারের সিদ্ধান্ত কীভাবে নেয়া হবে, এসব বিষয়ে বিস্তারিত কাঠামো পরবর্তী সময়ে জানানো হবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন