বকেয়া ১৪ লাখ টাকার বেশি
৭৪ প্রতিষ্ঠানকে ২ কোটি ৩১ লাখ টাকার বেশি জরিমানা বিটিআরসির
গাজী তানজীর আহমেদ
প্রকাশ: ১৬:১৭, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৯, ৩ নভেম্বর ২০২৬
৭৪ প্রতিষ্ঠানকে ২ কোটি ৩১ লাখ টাকার বেশি জরিমানা বিটিআরসির
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েসহ (আইআইজি) টেলিযোগাযোগ সেবার ৭৪টি প্রতিষ্ঠানকে মোট ২ কোটি ৩১ লাখ ৩৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে ২ কোটি ১৬ লাখ ৮৫ হাজার টাকা আদায় হয়েছে। এখনো বকেয়া রয়েছে ১৪ লাখ ৫০ হাজার টাকা।
বিটিআরসির তথ্য অনুযায়ী, ৬৬টি প্রতিষ্ঠান থেকে জরিমানার অর্থ পুরোপুরি বা আংশিক আদায় হয়েছে। বাকি আটটি প্রতিষ্ঠানের জরিমানা এখনো অনাদায়ি রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পর্যায়ের ১৪টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (আইএসপি) ৭৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভাগীয় পর্যায়ের ১০টি প্রতিষ্ঠানের ওপর জরিমানা আরোপ করা হয়েছে ২৮ লাখ ৫০ হাজার টাকা। জেলা পর্যায়ের ১৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা। এ ছাড়া থানা ও উপজেলা পর্যায়ের ১৬টি আইএসপির ওপর ২২ লাখ টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ১৭ লাখ টাকা আদায় হয়েছে। বাকি ৫ লাখ টাকা এখনো বকেয়া।
ইন্টারনেট প্রটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) ওয়েব লিংক কমিউনিকেশন লিমিটেডকে ২০ লাখ টাকা এবং মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবাদাতা ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। প্রতিষ্ঠান দুটি পুরো জরিমানার অর্থ পরিশোধ করেছে।
আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) খাতের তিনটি প্রতিষ্ঠানের ওপর মোট ১৭ লাখ টাকা জরিমানা আরোপ করেছে বিটিআরসি। এর মধ্যে ১২ লাখ টাকা আদায় হয়েছে। বাকি ৫ লাখ টাকা এখনো বকেয়া। এ খাতের ভেলোসিটি নেটওয়ার্ক লিমিটেডের কাছেই রয়েছে পুরো বকেয়া অর্থ।
এ ছাড়া এটুপি এসএমএস অ্যাগ্রিগেটর খাতের ১২টি প্রতিষ্ঠানের ওপর ৫৬ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৫৫ লাখ ৩৫ হাজার টাকা আদায় হয়েছে। বকেয়া রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। টিভিএএস খাতের চারটি প্রতিষ্ঠানের ওপর ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ খাত থেকে আদায় হয়েছে ৫০ হাজার টাকা। বাকি ৩ লাখ টাকা এখনো অনাদায়ি।
নির্ধারিত সময়ে জরিমানার অর্থ জমা না দেওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার চিঠি দিয়েছে বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগ। এরপরও বকেয়া পরিশোধ না করায় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর মধ্যে থানা ও উপজেলা পর্যায়ের আইএসপি লাইসেন্সধারী দ্য স্কাই ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের লাইসেন্স বাতিলের কার্যক্রম শুরু করা হবে। অন্যদিকে, আইআইজি লাইসেন্সধারী ভেলোসিটি নেটওয়ার্ক লিমিটেডকে ২১ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে টাকা জমা না দিলে প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে।
এ ছাড়া জরিমানা পরিশোধ না করায় এটুপি এসএমএস অ্যাগ্রিগেটর হিসেবে তালিকাভুক্ত মুথোফোন টেকনোলজিস ও অ্যাক্সা লিমিটেডের তালিকাভুক্তির সনদ বাতিলের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।













