দায়িত্ব গ্রহণ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২০:৩২, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৩, ২৫ অক্টোবর ২০২৬
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. মো. কামরুজ্জামান
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. কামরুজ্জামান, এনডিসি। রোববার ২৫ অক্টোবর তাকে মন্ত্রণালয়ে স্বাগত জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম । এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ড. মো. কামরুজ্জামান, এনডিসি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। চলতি বছরের ১৮ অক্টোবর ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি তিনি নাডার রেক্টর হিসেবে যোগদান করেন। একই বছরের ২৯ জানুয়ারি তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।
নতুন সচিবের দায়িত্ব পালনের মধ্য দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিলকিস জাহান রিমি। চলতি বছরের গেল ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।













