হামলা প্রতিহতের দাবি
আরব আমিরাতের প্রধান খাতে সাইবার হামলা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:৪৩, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:২৪, ১১ আগস্ট ২০২৬
আরব আমিরাতের প্রধান খাতে সাইবার হামলা
সংযুক্ত আরব আমিরাতের বিমান, জ্বালানি ও শিক্ষা খাতে চালানো হয়েছে সাইবার হামলা। তবে সমন্বিতভাবে চালানো সাইবার হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে দেশটির সাইবার নিরাপত্তা পরিষদ। গেল ১০ আগস্ট এ কথা জানায় সংস্থাটি। তবে এখন পর্যন্ত কোনো সেবা বন্ধ বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানায় সাইবার নিরাপত্তা পরিষদ।
জানা যায়, ডিজিটাল ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, পরিচালনাগত হিসাব ও তথ্যভান্ডার লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। কর্মীদের ফাঁদে ফেলতে প্রতারণামূলক বার্তাও ব্যবহার করা হয়। তবে সাইবার নিরাপত্তা দল দ্রুত হামলা শনাক্ত করে তা ছড়িয়ে পড়ার আগেই সেটি বন্ধ করে দেয়।
হামলাকারী ব্যক্তি, গোষ্ঠী বা দেশের নাম এখনো জানায়নি ইউএই। এর আগে জুলাইয়ে দেশটির আর্থিক খাতেও সাইবার হামলার চেষ্টা ঠেকানোর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
এদিকে সাইবার হামলা মোকাবিলায় ইউএই নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে। গত মে মাসে চালু করা হয় ‘সাইবার কারখানা’। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে হামলা শনাক্ত ও প্রতিরোধ করাই এর লক্ষ্য।
সরকারের সাইবার নিরাপত্তা প্রধান মোহাম্মদ আল কুয়াইতি বলেন, এই উদ্যোগ ইউএইকে উন্নত সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
বিমান চলাচল, জ্বালানি ও শিক্ষা খাত এখন প্রযুক্তিনির্ভর। এসব ব্যবস্থায় সফল হামলা হলে বিমান চলাচল, জ্বালানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম ও গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থায় বড় জটিলতা তৈরি হতে পারে।
উন্নয়নশীল অনেক দেশ দ্রুত অনলাইননির্ভর হচ্ছে। তাই এ ধরনের হামলার প্রভাব আন্তর্জাতিক সেবা ও ব্যবসায়ও পড়তে পারে।
সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি সতর্কবার্তা। অচেনা বার্তার সংযোগে প্রবেশ, গোপন তথ্য দেওয়া বা সন্দেহজনক নথি খোলা থেকে সতর্ক থাকা জরুরি। একই সাথে দেশের গুরুত্বপূর্ণ সেবা রক্ষায় আগেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা তৈরি করা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা।
সূত্রঃ আল জাজিরা ও গালফ টুডে













