এডব্লিউজি-৩৭ সভা
টেলিযোগাযোগ খাতে গুণগত ও অর্থবহ সংযোগ নিশ্চিত চ্যালেঞ্জ
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:২১, ৭ সেপ্টেম্বর ২০২৬
টেলিযোগাযোগ খাতে গুণগত ও অর্থবহ সংযোগ নিশ্চিত চ্যালেঞ্জ
টেলিযোগাযোগ খাতে সংযোগ বৃদ্ধির পাশাপাশি গুণগত ও অর্থবহ সংযোগ নিশ্চিত করা চ্যালেঞ্জ হলেও বর্তমান সরকারের প্রধান লক্ষ্য এটি নিশ্চিত করা বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার (এডব্লিউজি-৩৭) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের টেলিযোগাযোগ খাতে পরবর্তী চ্যালেঞ্জ শুধু সংযোগ বৃদ্ধি নয়, বরং সেবার মান, সাশ্রয়, নির্ভরযোগ্যতা ও অর্থবহ সংযোগ নিশ্চিত করা।
মন্ত্রী বলেন, ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে প্রায় ১৯ কোটি মোবাইল সংযোগ এবং প্রায় ১১ কোটি গ্রাহক ফোর-জি সেবা ব্যবহার করছেন। টেলিযোগাযোগ অবকাঠামোর মধ্যে রয়েছে ৪৯ হাজারের বেশি ফোর-জি সাইট, ৪৬ হাজার টাওয়ার এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক।
তবে এখন সরকারের লক্ষ্য শুধু সংযোগ বৃদ্ধি নয়, বরং সেবার মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা ও অর্থবহ সংযোগ নিশ্চিত করা।
তিনি আরো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং প্রযুক্তিনির্ভর শিল্পে দেশের সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
ডেটার চাহিদা বাড়ার পাশাপাশি ফাইভ-জি, স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ, ইন্টারনেট অব থিংগস (আইওটি) এবং ভবিষ্যতের অন্যান্য ওয়্যারলেস প্রযুক্তির বিকাশ ঘটছে। এসব প্রযুক্তির জন্য দূরদর্শী নীতি প্রয়োজন, যা উদ্ভাবন, বিনিয়োগ এবং গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে সহায়তা করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী (অব.) বলেন, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে আঞ্চলিক সহযোগিতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় আরও জোরদার করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখতেও আগ্রহী বাংলাদেশ।
এপিটি মহাসচিব মাসানোরি কোনডো (Masanori Kondo) বলেন, এই সভার মাধ্যমে চলমান গবেষণা কাজকে এগিয়ে নেওয়া হবে এবং প্রযুক্তিগত উন্নয়ন ও আঞ্চলিক প্রয়োজনের পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি গ্রহণের প্রস্তাবগুলো বিবেচনা করা হবে। এডব্লিউজি-৩৭ সভায় ৬জি প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট প্রযুক্তি এবং আল্ট্রা ওয়াইডব্যান্ড বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হবে।
৭ সেপ্টেম্বর থেকে আগামী ১১ সেপ্টেম্বর এই পাঁচদিন চলবে এডব্লিউজি-৩৭ সভা। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সভায় বেতার যোগাযোগ, স্পেকট্রাম ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি, নেটওয়ার্ক ব্যবস্থাপনা এবং আইনি সীমা বিষয়ে আলোচনা হবে। সভায় এসব বিষয়ে আঞ্চলিক সুপারিশ প্রণয়ন ও সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হবে।













