সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

| ১২ আশ্বিন ১৪৩৩

অ্যামচেমের বৈঠক

ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে সাইবার নিরাপত্তা বাড়ানো প্রয়োজন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:০৩, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:১৯, ১৩ আগস্ট ২০২৬

ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে সাইবার নিরাপত্তা বাড়ানো প্রয়োজন

ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে সাইবার নিরাপত্তা বাড়ানো প্রয়োজন

ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে দেশের প্রধান খাতগুলোতে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পাশাপাশি সাইবার নিরাপত্তা বাড়ানো প্রয়োজন বলে মনে করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। বুধবার (১১ আগস্ট) বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন  অ্যামচেমের একটি প্রতিনিধি দল। 

অ্যামচেমের প্রতিনিধি দল বলেন, ডিজিটাল শাসনব্যবস্থায় বাংলাদেশ সরকার অনেক উদ্যোগ নিয়েছেন। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ও জাতীয় ডিজিটাল শাসন কাঠামো প্রণয়নকে স্বাগত জানিয়ে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সাইবার নিরাপত্তা, নিয়ন্ত্রক কাঠামো এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন, মেঘ প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, জীবনবিজ্ঞান, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন ও আর্থিক খাতের আধুনিকায়নকে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তুলে ধরেছে সংগঠনটি।

সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন এবং দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়ে অ্যামচেমের প্রতিনিধি দল বলেন, কর ও শুল্ক ব্যবস্থায় ধারাবাহিকতা, নির্ভরযোগ্য অবকাঠামো ও জ্বালানি সরবরাহ এবং শক্তিশালী সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন। 

এ লক্ষ্যে একটি ডিজিটাল অর্থনীতি পরামর্শক ফোরাম বা টাস্কফোর্স এবং একটি সরকারি-বেসরকারি প্রতিযোগিতা পরিষদ গঠন প্রয়োজন। এসব প্ল্যাটফর্মে সরকার, ব্যবসায়ী সমাজ, বিদেশি বিনিয়োগকারী ও অ্যামচেমের প্রতিনিধিত্ব থাকবে। ব্যবসার বাধা চিহ্নিত করা, সংস্কার বাস্তবায়নে সহায়তা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এগুলো কাজ করবে বলে জানান তারা। 

এমনকি আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে অ্যামচেম। এ জন্য সরকারের নেতৃত্ব ও প্রয়োজনীয় সহায়তা চেয়েছে সংগঠনটি।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। নীতির স্পষ্টতা ও ধারাবাহিকতা, দক্ষ প্রশাসন এবং ব্যবসায়ী সমাজের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়ানো হবে। সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। 

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

অ্যামচেমের প্রতিনিধিদলে আরও ছিলেন সহসভাপতি ও মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ ও ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজা উর রহমান মাহমুদসহ নির্বাহী কমিটির সদস্য ও সংগঠনের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ।


 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন