ওকলার স্পিডটেস্ট ইনডেক্স
মোবাইল ইন্টারনেট গতির তালিকায় এগিয়ে ঢাকা পিছিয়ে চট্টগ্রাম
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৪৬, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৪, ২৭ আগস্ট ২০২৬
মোবাইল ইন্টারনেট গতির তালিকায় এগিয়ে ঢাকা পিছিয়ে চট্টগ্রাম
মোবাইল ইন্টারনেটে গতির বৈশ্বিক তালিকায় রাজধানী ঢাকার অগ্রগতি হলেও পিছিয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। ঢাকার অবস্থান ২ ধাপ এগিয়ে থাকলেও ৩ ধাপ পিছিয়েছে চট্টগ্রামের অবস্থান। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার জুলাই ২০২৬-এর স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে উঠে এসেছে এসব তথ্য।
ওকলার তথ্য মতে, চলতি বছরের জুন মাসে মোবাইল ইন্টারনেট গতির তালিকায় ঢাকার অবস্থান ছিল ১২৫তম। তবে জুলাইয়ে ২ ধাপ এগিয়ে গতির তালিকায় অবস্থান দাঁড়ায় ১২৩তম। জুলাইয়ে ঢাকায় মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি দাঁড়িয়েছে ৫১ দশমিক ১৫ এমবিপিএস এবং আপলোডের গতি ১৭ দশমিক ১৬ এমবিপিএস। এই সময়ে ঢাকার লেটেন্সি ছিল ১৭ মিলিসেকেন্ড।
তবে জুনে ঢাকায় ডাউনলোডের গতি ছিল ৪৯ দশমিক ২৮ এমবিপিএস এবং আপলোডের গতি ছিল ১৬ দশমিক ৫০ এমবিপিএস।
উল্টো চিত্র দেখা গেছে বাণিজ্যিক শহর চট্টগ্রামে। চলতি বছরের জুন মাসে মোবাইল ইন্টারনেটের গতিতে চট্টগ্রামের অবস্থান ছিল ১২৭। তবে জুলাই মাসে ৩ ধাপ পিছিয়ে তালিকায় গতির অবস্থান দাঁড়িয়েছে ১৩০তম ।
জুনে চট্টগ্রামে ডাউনলোডের গড় গতি ছিল ৪৮ দশমিক ৩০ এমবিপিএস, যা জুলাইয়ে কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৪৬ এমবিপিএসে। তবে জুনের ১৭ দশমিক ২ এমবিপিএস আপলোড গতি জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪ এমবিপিএসে।
এদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে এক ধাপ এগিয়েছে রাজধানী ঢাকা। বর্তমানে ওকলার তালিকায় ঢাকার অবস্থান ১২২তম। আর জুলাইয়ে ঢাকায় ডাউনলোডের গতি ছিল ৭৭ দশমিক ১১ এমবিপিএস ও আপলোড গতি ছিল ৭৩ দশমিক ৩৩ এমবিপিএস।
অন্যদিকে চট্টগ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেটের অবস্থানে কোনো পরিবর্তন না হলেও গতির বৃদ্ধি ঘটেছে। জুনে ৬৫ দশমিক ৮৭ এমবিপিএস ডাউনলোডের গতি জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৭৪ এমবিপিএসে।
এদিকে, সার্বিক মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে বৈশ্বিক তালিকায় ২ ধাপ পিছিয়ে বাংলাদেশ। চলতি বছরের জুনে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম। আর জুলাইয়ে বাংলাদেশের অবস্থান ৯০।
চলতি বছরের জুলাইয়ে দেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ছিল ৩৮ দশমিক ৫৬ এমবিপিএস এবং আপলোড গতি ছিল ১১ দশমিক ৯৯ এমবিপিএস।
অপরদিকে সার্বিকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে এক ধাপ পিছিয়ে ওকলার গতি পরীক্ষার তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৯তম। জুলাইয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোডের গতি ৭০ দশমিক ৪৯ এমবিপিএস ও আপলোড গতি ৬৬ দশমিক ৭২ এমবিপিএস।








